সেলফি: অসুন্দরের মাঝে আমি কি সুন্দর?

ফেসবুকসহ নানা অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর কল্যাণে নিজ হাতে তোলা নিজের মুখচ্ছবি বা ‘সেলফি’ শব্দটি এখন কমবেশি অনেকেরই পরিচিত। দুনিয়াজুড়ে তরুণ-তরুণীসহ লাখো-কোটি ফেসবুক ব্যবহারকারীর কাছে এটা তুমুল জনপ্রিয়ও বটে। কোথাও বেড়াতে গিয়ে কিংবা দারুণ কোনো জায়গায় দাঁড়িয়ে নিজের একটা সেলফি আপলোড করা যেন একটা রীতিই হয়ে গেছে। কিন্তু তিউনিসিয়ার একটি ফেসবুক পেজ এই সেলফির ধারণাকে কাজে লাগাচ্ছে সামাজিক সচেতনতার অভিনব এক প্রচারকাজে। বিবিসি ট্রেন্ডিং এ খবর জানিয়েছে।
‘সেলফি পুয়োবেলা’ নামে তিউনিসিয়ার ওই ফেসবুক পেজটি থেকে সবাইকে আহ্বান জানানো হয়, যার যার লোকালয় বা নিকটস্থ রাস্তাঘাটে যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনার স্তূপের সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে তা ওই পেজে আপলোড করার। এর মধ্য দিয়ে শহর-নগরের বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপহীনতা এবং সাধারণ নাগরিক সচেতনতার অভাবের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান পেজটির উদ্যোক্তরা।

১৬ মে যাত্রা শুরু করা ফেসবুক পেজটিতে ‘লাইক’ দিয়ে ১২ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যেই এই ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। রাতারাতি একের পর এক ‘সেলফি পুয়োবেলা’ বা ময়লার সামনে দাঁড়িয়ে তোলা ছবিতে ভরে যাচ্ছে ফেসবুকের ওই পেজ। মানুষজন সেসব ছবি পছন্দ করছেন, সেখানে মন্তব্য করছেন।
জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে তিউনিসিয়ার সরকার নিজেই ‘সেলফি’র ধারণাকে কাজে লাগিয়ে থাকে। বিশেষত দেশটির পর্যটনমন্ত্রী আমেল কারবাওল নিজে এ বিষয়ে যথেষ্টই তত্পর। এই পরিপ্রেক্ষিতেই সাংবাদিক চেকার বেসডেস ফেসবুকে ‘সেলফি পুয়োবেলা’ নামে এ পেজটি শুরু করেন। এই সাংবাদিক বিবিসিকে বলেন, ‘আমি তিউনিসিয়ার আরেকটি চেহারা তুলে ধরতে চেয়েছি।’ তিনি বলেন, সরকারের তোলা ছবিগুলোতে কেবল দেশের একটা আদর্শায়িত চেহারাই প্রকাশ করা হচ্ছিল।
ফেসবুকের ওই পেজ থেকে বলা হয়, ‘নেতাদের তিউনিসিয়ার রাস্তাঘাটের আসল চেহারাটা দেখান।’ কেউ কেউ এই ধারণাকে সমর্থন করে মন্তব্য করছেন, নিজেদের চারপাশে অসুন্দরের মাঝে আমরা কী করে সুন্দর থাকব? তাই উদ্যোক্তরা বলছেন, ‘আমাদের এখন এই সেলফিই তোলা উচিত, যা আঘাত করতে সক্ষম।’ তাঁরা মনে করছেন, তিউনিসিয়ায় পরিবেশগত সচেতনতা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
তিউনিসয়ার সরকার অবশ্য রাস্তাঘাটে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা সামলানোর জন্য একটা বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে।