সেলফি, গরু ও আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভরদুপুর। বাইরের গরম আর মাথার গরমে মেজাজ চড়া সপ্তমে। এমন সময় কলবেল বাজল। দরজা খুলতেই দেখি বন্ধুরা সব দল বেঁধে হাজির। তাও আবার যেনতেন আগমন নয়, বাংলা সিনেমার নায়িকাদের মতো সোয়া-আধা কেজি মেকআপ মেখে এসেছে! আমি তো পুরাই অবাক। কার বিয়ে না কিসের প্রোগ্রাম তা–ও জানি না! পড়াশোনাটা না পারলেও এসব বিষয় তো কখনোই মিস হয় না! কিন্তু ওদের আসার কারণ শুনে আমি পুরাই থ! ওরা এসেছে সামনের একরাম আঙ্কেলের বাসায়। উপলক্ষ সেলফি তোলা! রস+আলোয় পাঠাবে। ওদের এই কাহিনি দেখে আমার তো মাথায় হাত! রস+আলো তো নয়, যেন বলাকা সিনেমা হলের সামনের বিলবোর্ডটায় ছবি দেবে! একজন আবার একটা ডিএসএলআরও ধার করে নিয়ে এসেছে। 
অসুস্থতার কথা বলে কোনোমতে সবাইকে বোঝালাম, আমি যেতে পারব না। বারান্দা থেকে দেখলাম ওদের ছবি তোলার উত্সব। মনে হচ্ছে গরু নয়, সুন্দরবন থেকে আস্ত বাঘ ধরে নিয়ে এসেছে! আশপাশে বেশ মানুষও জড়ো হয়ে গেছে। আমার গ্রুপের সবাই ছবি তুলছে আর আমি নাই—ব্যাপারটা কম রহস্যময় নয়। রহস্যের সঙ্গে সঙ্গে তাই গোয়েন্দাও হাজির। দু-তিনজন আন্টি নিজ দায়িত্বে এলেন খোঁজ নিতে। খোঁচা দিলেন নাকি সান্ত্বনা সেটা আরেক রহস্য! একজন বললেন, ‘এক–আধটু জ্বরে কিছু হয় না। সাহসটাই আসল।’ রাতে আবার ফেসবুকে দেখলাম, বন্ধুরা শুধু ছবিই পোস্ট করেনি, ‘আইস বাকেট’ চ্যালেঞ্জের মতো ‘সেলফি উইথ কাউ’ চ্যালেঞ্জও শুরু করেছে!
বিষয়টা নিয়ে আসলে একটু ভাবতে হয়। মান–সম্মান বলে একটা ব্যাপার আছে। কিন্তু সবাইকে তো আর আসল সমস্যাটা বলা যায় না। আমি যে গরু দেখলে এক শ হাত দূরে পালাই, সেই আমি কীভাবে গরুর সঙ্গে সেলফি তুলব!
বছর পাঁচেক আগে ঈদে গ্রামে গরুর দৌড়ানি খেয়েছিলাম। দৌড়ানি খেয়ে দিয়েছিলাম একদম ‘সেইরাম’ দৌড়। ওই দৌড় দিলে অলিম্পিকে স্বয়ং বোল্ট সাহেবেরও নাট-বল্টু ঢিলা হয়ে যেত! তারপর সেই যে ১০৪ ডিগ্রি জ্বর উঠল, সেই থেকে কেউ আমাকে গরুর ছায়া মাড়াতেও দেখেছে কি না সন্দেহ! এদিকে ভিলেন টাইপের একটা বোন বাসায় থাকার কারণে অসুস্থতার কথাটাও ধোপে টিকল না। ভাবলাম একবার চেষ্টা করে দেখি। কিন্তু যেই গিয়েছি গরুর কাছে, আত্মারাম খাঁচাছাড়া হওয়ার দশা! অগত্যা পিঠটান।
বোনের খোঁচার ঠেলায় পড়াশোনা শিকেয় উঠল। সে বলে, ‘মাথার ভেতরটা তো গরুর মতোই। গোবর ছাড়া আর কিছু নাই। কপালে বড় করে গরু লিখে একটা ছবি তুলে পাঠায়া দে। মানুষ তো আর তোর মতো গরু না, ঠিকই বুঝবে।’ রাগে-দুঃখে-অপমানে ঠিক করলাম—না, আর সহ্য করা যাচ্ছে না। একটা সেলফি না তুললেই নয়। পরের দিন বাসা ফাঁকা পেয়ে সুযোগটা হাতছাড়া করলাম না। পায়ে পায়ে একরাম আঙ্কেলের গরুর কাছে গেলাম। গরুটার একদম সিক্স প্যাকওয়ালা সালমান বডি! ভাবলাম, তুলবই যখন তখন বিড়ালটাইপের সঙ্গে না তুলে এটার সঙ্গেই তুলি।
একবুক সাহস নিয়ে গরুর দিকে এগোচ্ছি। আর কয়েক কদম সামনে গেলেই ছবি তোলা যাবে। আরেকটু এগোলাম কিন্তু গরুর যে ভঙ্গিমা দেখলাম, মনের সব সাহস ভুস করে উড়ে গেল! সিঁড়ির কাছে যেতেই সবার সেলফিগুলো যেন রস+আলোর পাতায় ভেসে উঠতে দেখলাম। ‘একবার না পারিলে দেখ শতবার’ আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাই আবার গেলাম গরুর কাছে। কিন্তু কাছে যাওয়ার সাহস আর হয় না। আশা বাদ দিয়ে বাসার দিকে একটু যেতেই আবার সাহস নিয়ে গরুর কাছে যাই। চার-পাঁচ হাত দূর থেকে চেষ্টা করি, নানা অ্যাঙ্গেল থেকে। কিন্তু হয় ফ্রেমে শুধু গরু আসে নয়তো কেবল আমি। অধ্যবসায়ে ক্ষান্ত দিয়ে বাসায় ঢুকব তখন সামনের বিল্ডিংয়ের একটা পিচ্চি বলে, ‘আপু, এই দুপুরে কি নুন ওয়াক করতে বের হয়েছ?’ ঠাস করে একটা থাপড় দিতে মন চাইলেও গালটা একটু টিপে দিয়ে বিদায় করে দিলাম বিচ্ছুটাকে। কিন্তু নুনের ছিটা কাজে দিল। নতুন উদ্যমে আবার গরুর একেবারে কাছে গেলাম। ক্যামেরায় গরুও আসে, আমিও। ছবিটাও ভালোই আসছে। যেই ক্যাপচার করব অমনি গরু রেগেমেগে উঠে দাঁড়াল! মারাত্মক অবস্থা! আমি ততক্ষণে চক্ষুলজ্জা ভুলে দিলাম এক ছুট, সোজা বাসায়! বাপ রে বাপ!
ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা