সেলফি তুলে পুরস্কার নিলেন তিন বিজয়ী

সেলফি তুলে বিজয়ী হয়েছেন তিনজন। পুরস্কার হিসেবে পাওয়া ট্যাবে সেলফি না তুললে কি আর হয়! ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে বাংলাদেশে আয়োজিত সেলফি প্রতিযোগিতার বিজয়ীরা তাই পুরস্কারের সঙ্গে সেলফিও তুললেন নানা ভঙ্গিমায়।
২০১৪ সালের ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে প্রথম আলো পাঠকদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার তিন বিজয়ী রাজশাহীর মো. তাইবুর রহমান, ঢাকার তাসভিয়া ফারহানা ও আনিকা তাসনুম। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ শনিবার পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।
২০১৪ সালের ২০ সেপ্টেম্বর বিশ্বের ৪০টি প্রধান সংবাদপত্র একসঙ্গে পালন করে ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান স্পার্কনিউজ-এর এই আয়োজনে গত বছর বাংলাদেশ থেকে প্রথম আলো যুক্ত হয়েছিল। বিশ্বজুড়ে দিবসটি পালনের অংশ হিসেবে পাঠকদের জন্য সেলফি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মূল প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশের পাঠকদের জন্যও প্রথম আলো পৃথক সেলফি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিল। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবং খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এ প্রতিযোগিতায় সারা দেশের বহু পাঠক অংশ নেন। পাঠকদের পাঠানো অসংখ্য ছবির মধ্য থেকে কয়েক ধাপ বাছাইয়ের পর নির্বাচন করা হয় সেরা তিন সেলফি। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি করে ট্যাবলেট পেয়েছেন।
পুরস্কার পেয়ে বিজয়ী তিনজনই বেশ উচ্ছ্বসিত। তাঁরা জানালেন, ইমপ্যাক্ট জার্নালিজম ডে নিয়েও যে এমন ব্যতিক্রম সেলফি প্রতিযোগিতা হতে পারে, তা ভাবনাতেও ছিল না। নিজেদের চেয়ে পরিবার, বন্ধুরা বেশি উচ্ছ্বসিত। অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া, জ্যেষ্ঠ সহসম্পাদক ইকবাল হোসাইন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল মিডিয়া বিভাগের মডারেটর নুরুন্নবী চৌধুরী।