

* খাদিজার অবস্থা নিয়ে দেশবাসী খুবই বিচলিত। এই অবস্থায় খাদিজাকে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার ছবিসহ সবিস্তারে দেশবাসীকে জানানোর জন্য তাঁদের মন ভীষণ আঁকুপঁাকু করায় এমনটা করেছেন! সম্ভব হলে তাঁরা ফেসবুক লাইভে এসে ‘দেখুন খাদিজার অবস্থা, (ভিডিওসহ!)’ এটাও হয়তো দিতেন!
* মানবিক বোধ থেকেই তাঁরা খাদিজাকে দেখতে গিয়েছেন। শুধু তাঁদেরই মানবিক বোধ জাগ্রত হবে আর বাকি সবারটা লেপ-কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে—এমনটা তাঁরা চাইতেই পারেন না। বিবেক তাঁদের খুব তীব্রভাবে কুটুস কুটুস করে কামড়াতে থাকে! তাই কর্তব্যের খাতিরেই...
* প্রচারেই প্রসার। ভালো কাজ করে ঢাকঢোল পিটিয়ে প্রচার না করলে ভালো কাজের পসার কীভাবে হবে? তাই ভালো কাজের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবেই তাঁরা এটা করেছেন। নিজেরা চুপিচুপি একটা ভালো কাজ করে ফেলবেন আর মানুষজন জানবে না, তা হয় নাকি! এটা মানুষজনকে ভালো কাজের দিকে উদাত্ত আহ্বান জানানোর জন্যই করা!
* হাসপাতাল মানেই কেমন একটা শোকাতুর শোকাতুর, মন খারাপ করা গুমোট পরিবেশ। তাঁরা সেখানে একটা হাস্যরসপূর্ণ আনন্দঘন পরিবেশ তৈরি করার মহতী প্রয়াস চালিয়েছেন!
* এটা আসলে একটা মোটিভেশনাল সেলফি! কমনসেন্স কিংবা বিবেকবোধ নামক মানবিক বাধাবিপত্তির গুষ্টি কিলিয়ে চাইলেই যে মানুষ সবকিছু করতে পারে, তাঁরা আসলে সবাইকে এটা দেখাতে চেয়েছেন!
৬ অক্টোবর সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজাকে দেখতে গিয়ে সেলফি তোলেন সাংসদ সাবিনা আক্তার তুহিন। সঙ্গে ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরেকজন নারী। আইসিইউর মতো স্পর্শকাতর জায়গায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নারীর পাশে সরকারদলীয় নারী নেত্রীদের এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। পরে অবশ্য এ বিষয়ে দুঃখ প্রকাশও করেছেন সাংসদ সাবিনা।