
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের লেকউড শহরে রাতের খাবার খেতে গিয়েছিল পাঁচ তরুণ। আশ্চর্যের বিষয়, খাবার খাওয়ার আগে, মধ্যে বা পরে তারা কোনো সেলফি তোলেনি! বার্তা সংস্থা আ ফানি গেম (এএফজি) সূত্রে জানা যায়, একদল তরুণ লেকউড শহরের পাহাড়ে বায়ু সেবন করতে গিয়েছিল। সে সময় দমকা হাওয়ার মতো ধেড়ে এক ভালুকের আগমনে তাদের প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়। হারিকেন ম্যাথিউর মতো ঝেড়ে দৌড় দেয় তরুণেরা। ৫ কিলোমিটার পথ ছুটে অবশেষে তারা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এক রেস্তোরাঁয়। সবার পেট তখন গ্র্যান্ড ক্যানিয়নের খাদ। যা পাবে তা-ই খাবে ভাব।
রেস্তোরাঁর শেফ কাজটা করল কাজির। হাজির হলো বিশাল এক লবস্টার নিয়ে। মাত্র তিন মিনিটে ওটা ফর্দাফাই। খোসা, ঠ্যাং—বাদ যায়নি কিছুই। খাওয়া শেষেই পাঁচ তরুণের টনক নড়ল। উপলব্ধি করল মস্ত চিংড়ির স্বাদ নিলেও সেলফিটাই তোলা হয়নি।
তবে বোমাটা ফাটিয়েছেন শেফ নিজেই। তিনি বলেন, ‘এমন কাঙাল এর আগে দেখিনি! আমি ওদের চিংড়ি নয়, একটা ডামি দিয়েছিলাম মাত্র। ওই আকারের লবস্টার অ্যাকুরিয়াম থেকে তুলে রান্না করব কি না, তাই দেখাতে গিয়েছিলাম। ওই ডামিটি ছিল কাঁচা রাবার দিয়ে তৈরি।’
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, পাঁচ তরুণের বাথরুম-দৌড় থামাতে গিয়ে স্থানীয় দুই চিকিত্সক অসুস্থ হয়ে পড়েছেন।