সেলফি নিরাপত্তায় রুশ পরামর্শ

হাতে পিন খোলা গ্রেনেড নিয়ে দুই তরুণ গেলেন সেলফি তুলতে। গ্রেনেডের বিস্ফোরণে ওরা দুজন মারা গেলেও পাশে পড়ে থাকা স্মার্টফোন থেকে ওদের সেলফিটা পাওয়া গিয়েছিল। একের পর এক এমন ভয়াবহ সেলফি-দুর্ঘটনা ঠেকাতেই রাশিয়ার পুলিশ সম্প্রতি নতুন এক প্রচার অভিযান শুরু করেছে। লিফলেট, ভিডিও, পোস্টার আর নানা নিরাপত্তা প্রতীক সংবলিত এই সেলফি-সতর্কতা অভিযানের খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
রাশিয়ায় এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেলফি তুলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রায় ১০০ মানুষ। এদের মধ্যে কয়েকজনই চিরবিদায় নিয়েছেন। এ পরিস্থিতিতেই বিভিন্ন স্থানে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ব্যাপক প্রচার অভিযানে নেমেছে রাশিয়ার পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত লিফলেটে বলা হচ্ছে, ‘‘একটা ‘ফাটাফাটি’ সেলফি আপনার জীবন কেড়ে নিতে পারে’ কিংবা ‘অস্ত্র হাতে সেলফি মৃত্যু ঘটায়।’’
মে মাসে মস্কোতে ২১ বছর বয়সী এক তরুণী নিরাপত্তা প্রহরীর ফেলে রাখা পিস্তল হাতে সেলফি তুলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। প্রাণে বেঁচে গেলেও মারাত্মক জখম থেকে সেরে ওঠার লড়াই করতে হচ্ছে তাঁকে। জানুয়ারিতে উরাল পার্বত্য অঞ্চলে গ্রেনেড হাতে সেলফি তুলতে গিয়ে দুই তরুণের মৃত্যুতে হইচই পড়ে গিয়েছিল পুরো রাশিয়ায়। কিন্তু বিপদজনক সেলফি তোলার প্রবণতা থামেনি। মে মাসে রায়জান অঞ্চলে এক কিশোর একটা রেলসেতুর ওপর উঠে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইয়েলেনা আলেক্সায়েভা বলেন,‘দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করছি যে, নিজে নিজের ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এ বছরের শুরু থেকেই আমরা এ নিয়ে কথা বলছি এবং এ পর্যন্ত নিশ্চিতভাবেই তা এক শ ছাড়িয়ে গেছে।’
রুশ পুলিশের এই প্রচারাভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে ভিডিও বার্তার পাশাপাশি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে। লুকিয়ে উঁচু ভবন, টাওয়ার কিংবা সেতুর ওপর উঠে সেলফি তোলার ভয়াবহ পরিণতি নিয়ে বানানো হয়েছে সতর্কতামূলক ভিডিওটি।
‘রোড সাইন’-এর আদলে বানানো হয়েছে সেলফি-নিরাপত্তার নানা প্রতীক। লিফলেটে ছাপানো এমন একটা প্রতীকে দেখা যায়, রেল লাইনের ওপর দাঁড়িয়ে সেলফিস্টিক হাতে ধেয়ে আসা ট্রেনের সামনে সেলফি তুলতে চেষ্টা করছেন একজন। এই ছবির সঙ্গে লেখা ‘নিজের জীবনকে মূল্য দিলে রেললাইনে সেলফি তোলার মানে হয় না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়েলেনা আলেক্সায়েভা সতর্ক করে দিয়ে বলেন,‘একটা সেলফি তোলার আগে সবারই ভাবা প্রয়োজন যে, বেশি সংখ্যক “লাইক” পাওয়ার প্রতিযোগিতায় সেলফি তুলতে গিয়ে তিনি হয়তো মৃত্যুর পথে পা বাড়াতে পারেন এবং সর্বশেষ ‘ফাটাফাটি’ ছবিটাই হয়তো তার মৃত্যুর পরের গল্প হয়ে উঠতে পারে।’