সেলফিচিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামেই সেলফির (নিজস্বী) একটা আবহ রয়েছে। সঙ্গে মিশে রয়েছে কফির স্বাদ। যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্যাফে ঠিক এটাই তৈরি করেছে। কফির ক্রিমের ওপর ডিজিটাল প্রযুক্তিতে গ্রাহকের ছবি বসিয়ে তা পরিবেশন করা হচ্ছে সেখানে। বেশ আগ্রহের সৃষ্টি করেছে এই আয়োজন।

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে অবস্থিত দ্য টি টেরেস নামের ওই ক্যাফেটি ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে
গ্রাহকের ছবি আঁকা কফি পরিবেশন করছে। আর এ জন্য তারা বিশেষ প্রযুক্তির প্রিন্টারের সাহায্য নিচ্ছে। এই কফির নাম দেওয়া হয়েছে ‘সেলফিচিনো’। যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় এখন এ নিয়েই আলোচনা চলছে। লন্ডনের এই কফিশপটি সিঙ্গাপুরের সেলফি কফি ক্যাফে নামের একটি কফিশপের কাছ থেকে পরিকল্পনাটি পেয়েছে।

কেবল গ্রাহকের ছবিই নয়, লন্ডনের ওই কফিশপ গ্রাহকের চাহিদা অনুযায়ী যেকোনো ছবিই কফিতে জুড়ে দিচ্ছে। লন্ডনের পাম ভল্টস নামের একটি রেস্তোরাঁয়ও পাওয়া যাচ্ছে নানা ছবি আঁকা কফি। পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়ার সিউলের বারিস্তা লি কাং-বিনও। এখানে গেলে কফির ক্রিমের ওপর মিলবে বিশ্বখ্যাত সব চিত্রকর্ম। কফির মগে চুমুক দিতে গিয়ে লেওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’ কিংবা ভিনসেন্ট ভ্যান গঘের ‘দ্য স্টেরি নাইট’-এর দেখা বারিস্তা লি কাং-বিনে হরহামেশাই মেলে।

তবে লন্ডনের দ্য টি টেরেস ‘সেলফিচিনোর’ ট্রেডমার্কটি নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। এরপর অক্সফোর্ড স্ট্রিটের আরও একটি জায়গায় এই সেবাটি দেওয়ার উদ্যোগ নেবে তারা। তারও পর লন্ডনের বাইরে এর বিস্তৃতি বাড়াবে দ্য টি টেরেস।