সেলফির চেয়ে গল্প সোজা

: আচ্ছা নাফি, সেলফি তোলা সোজা, নাকি গল্প লেখা?
: গল্প গল্প। গল্প লেখা সোজা। বাসায় বসে লিখে ফেলবি। কোনো পরিশ্রম নাই।
: আমার তো মনে হয় সেলফি তোলাই সোজা। স্ক্রিনে একটা টাচ করব, ব্যস!
: তোর যা চেহারা। মানুষ সেই সেলফি দেখলে ভয় পাবে।
: আরে, শুধু আমি না তো। একটা গরুও থাকবে। গরুর সাথে সেলফি তুলতে হবে।
: কিসের সাথে?
: গরু গরু। চার পায়ে হঁাটে যেটা। চিনিস না?
: তোর সাথে থাকি আর গরু চিনব না? এটা কোনো কথা?
: বাজে কথা বলবি না একদম।
: একটাও বাজে কথা বলি নাই। তো এত দিনে তোর প্রিয় প্রাণীর সাথে সেলফি তোলার শখ হলো ক্যান?
: রস+আলোয় পাঠাব।
: তুলে পাঠায় দে। আমাকে বলিস ক্যান? আমি কি গরু?
: তুই আমার সাথে থাকবি। গরুর আশপাশে একা যেতে ভয় লাগে।
: আরে ভয় কিসের? কিচ্ছু করবে না। দেখিস, তোকে দেখে ওরা কত্ত খুশি হবে!
: পক পক না করে চল আমার সাথে।
দ্রিমিত একটা লাল গরুর সঙ্গে বিভিন্ন কায়দায় সেলফি তোলার চেষ্টা করছে। আমি কী করব ভেবে না পেয়ে মাঠে বসে পড়লাম। দ্রিমিত একটা বোকার হদ্দ। দেখেশুনে লাল গরু খুঁজে বের করেছে। দেখলেই মনে হয় রাগী রাগী। সাদা গরুগুলো দেখতে কিউট কিউট। সাদা গরু থাকলে আমিও দুই–একটা সেলফিতে ঢুকে পড়তাম। কিন্তু এই লাল গরুর চেহারা দেখে কাছে যাওয়ার সাহস কুলাচ্ছে না। দ্রিমিত সেলফির উত্তেজনায় ভয়–ডর ভুলে গেছে। কিছুক্ষণ পর হাল ছেড়ে দিয়ে দ্রিমিত বলল, ‘নাহ্! সবগুলো একই রকম হচ্ছে। আলাদা কিছু করতে হবে। কী করা যায় বল দেখি।’
‘এক কাজ কর। সবাই তো সামনে থেকে সেলফি তুলবে। তুই গরুর পেছনে গিয়ে সেলফি তোল। গরুর লেজ ধরে অথবা পেছনের পা দুটা জড়ায় ধরে...এই রকম। আলাদা কিছু হবে!’ গম্ভীর মুখে উপদেশ দিলাম।
: তোর মাথায় তো দেখি সৃজনশীল বুদ্ধি। তুই পরীক্ষায় ফেল করিস কীভাবে? তোর তো ফার্স্ট হওয়া উচিত!
: তুই তাড়াতাড়ি স্যার হয়ে যা। তাহলে আর ফেল করব না।
পেছনে যেতেই গরুটা হাম্বা করে প্রতিবাদ জানাল। কিন্তু দ্রিমিত তা শুনবে কেন? তাকে আলাদা কিছু করতেই হবে। প্রথমে ও গরুর পা দুটি ধরল। একটা, দুইটা, তিনটা...সেলফি তুলেই যাচ্ছে। ওদিকে গরু বাবাজিও নিয়মিত প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। কিন্তু দ্রিমিতের তাতে ভ্রুক্ষেপ নেই। তারপর লেজ ধরল। লেজ ওপরে ধরে সেলফি তুলল। নিচে নিয়ে সেলফি তুলল। দাঁড়িয়ে সেলফি, বসে সেলফি! অতঃপর গরু তার হাম্বা হাম্বা করার কারণ প্রকাশ করল। কিছু না বলেই একদম বিনা নোটিশে ‘পি’ করে দিল একদম দ্রিমিতের গায়ে! দ্রিমিত তার ভেজা গায়ের দিকে তাকাল একবার। তারপর রাগে–দুঃখে একটা চাটি বসিয়ে দিল গরুর পেছনে। গরুরও কি পা নেই? নাকি দ্রিমিতের শরীর নেই? গরুটা বিকট শব্দে হাম্বা ডেকে পেছনের পা দুটো তুলে দ্রিমিতকে দিল কষে একটা লাথি। অতঃপর কে যে কোথায় দৌড়ে পালালাম, জানি না!
দুই দিন পর দ্রিমিতকে বললাম, ‘কিরে, সেলফি পাঠাবি না?’
: চুপ! ওই কথা আর মুখেও আনবি না।
: আহা রে। তাহলে তুই যখন পাঠাবি না আমিই পাঠাই।
: তুই কী পাঠাবি?
: একটা গল্প।
: কী গল্প?
: এই যে তুই সেলফি তুলতে গিয়ে লাথি খেয়ে ফিরে এলি—এই গল্পটাই লিখে পাঠাই।
: তুই...তুই...আমার সাথে এই রকম করতে পারবি?
: আরে, গল্পটার প্রধান চরিত্র তো তুই। গরুর সাথে গল্প। ভালোই হবে। কী বলিস?
দ্রিমিত চোখ দিয়ে আগুন বের করার চেষ্টা করল। আমি হা হা করে হেসে বললাম, ‘বলেছিলাম না সেলফি তোলার চেয়ে গল্প লেখা অনেক সোজা। এবার বুঝলি?’
রংপুর জিলা স্কুল, রংপুর