সেলাই দিদিমণি আয়েশার কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরখানেক আগে স্বামীর সঙ্গে শহরে আসেন আয়েশা আক্তার। ছোটখাটো পোশাককারখানায় সহকারীর (হেলপার) কাজ করেছেন, বর্তমানে চাকরি করেন ইয়াং ওয়ানে অপারেটর হিসেবে, কর্মক্ষেত্রে তাঁর পরিচয় সেলাই দিদিমণি। স্বামী রাজমিস্ত্রি, প্রতিদিন আয় ২০০-২৫০ টাকা। আয়েশার বেতন সাড়ে চার হাজার টাকা। পুব আকাশে আলো ফোটার আগেই কলোনিতে কথার খই ফোটে। কলোনিটা বস্তির আধুনিক সংস্করণ যেন। রান্না, শৌচাগার—সব জায়গাতেই লাইন দিতে হয়। আয়শা আক্তার থাকেন দক্ষিণ মধ্যম হালিশহরের একটি কলোনিতে। একটি কক্ষে একেকটি সংসার, যেন বাবুই পাখির বাসার মতোই। কলোনিতে ৫০টি কক্ষ আছে, ১৬টি চুলাসহ একটি রান্নাঘর আছে, গণশৌচাগারও আছে। রান্না সেরে স্বামীকে খাইয়ে, নিজেও নাকে-মুখে দুটো পুরে সকাল সাতটার মধ্যে বেরিয়ে পড়েন আয়েশা। পাঁচ টাকা বাঁচানোর জন্য প্রায় এক ঘণ্টার পথ তিনি হেঁটেই পাড়ি দেন। কার্যালয়ে পৌঁছাতে হয় সকাল আটটার মধ্যে। আয়েশার কাজ হচ্ছে জ্যাকেটের কলার সেলাই করা। সারা দিন দম ফেলার সুযোগ হয় না। দুপুরের খাবারটা কোম্পানি থেকেই দেওয়া হয়। কাজ শেষ হওয়ার আগেই সন্ধ্যা পেরিয়ে রাত নামে। কখনো সাতটা কখনো আটটায় ঘরে ফেরেন। সারা দিনের বিরামহীন খাটুনির পর ক্লান্ত দেহটা নিয়ে জনতার স্রোতে গা ভাসান আয়েশা। রাস্তার পাশের বাজার থেকে টুকটাক সওদা করেন। প্রায়দিনই শাক, কাঁচামরিচ, নয়তো আলু নিয়েই ফিরতে হয়। মাছ-মাংসের দোকানের কাছেও যান না। আয়েশার একমাত্র সন্তান বাবুর জন্ম হয়েছে দুটি বাঁকা পা নিয়ে। সাত মাসের শিশুকে শ্বশুরবাড়িতে রেখে এসেছেন। বাচ্চার মুখটা ভেসে ওঠে চোখের সামনে। চোখের পানিতে বুক ভাসে। ভেজা বালিশে কখন যে চোখ দুটো বুজে আসে আয়েশা বুঝতেও পারেন না।