সেলাই শিখে স্বাবলম্বী হচ্ছেন আদিবাসী নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোৎস্না চাকমা, সম্পা চাকমা ও হীরা চাকমা জুরাছড়ি সমবায় সেনা সেলাই প্রশিক্ষণকেন্দ্রে সেলাই শিখেছেন। বর্তমানে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া বাজারে একটি সেলাইয়ের দোকান দিয়ে স্বাবলম্বী হয়েছেন। 
গত বৃহস্পতিবার ওই কেন্দ্রের ১২তম ব্যাচের সেলাই প্রশিক্ষণ উদ্বোধনীতে এসে নিজেদের ভাগ্যোন্নয়নের কথা জানালেন। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ২০০৭ সালে বনযোগীছড়া ইউনিয়নে স্থাপিত হয় এ সেলাই প্রশিক্ষণকেন্দ্র।
এ পর্যন্ত এই কেন্দ্র থেকে প্রতি ব্যাচে ১৪ জন করে ১৫৪ জন অসহায় ও দরিদ্র নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ থেকে ১১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সেলাই যন্ত্রও দেওয়া হয়েছে বলে কেন্দ সূত্রে জানা গেছে।
১২তম ব্যাচের সেলাই প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল নাজিম উদ্দিন বলেন, পার্বত্য এলাকায় নারী সমাজকে উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য সেনা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এ প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা নিজেকে ও পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।
এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ১৪৫ নম্বর বনযোগীছড়া মৌজার হেডম্যান করুণাময় চাকমাসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১৬ জন মহিলা অংশ গ্রহণ করছেন।