সেলিম আল দীন স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাচার্য সেলিম আল দীনের চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রাম সেলিম আল দীন ফাউন্ডেশন, নাট্যাধারা ও প্যান্টোমাইম মুভমেন্টের যৌথ উদ্যোগে ১৩ ও ১৪ জানুয়ারি শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০টায় বাবুল জলদাসের ঢোলের সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্রশিল্পী ঢালী আল মামুন। শুরুতেই সেলিম আল দীনের রচনাবলি থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের। তারপর সেমিনার কক্ষে নাট্যকার খন্দকার মুর্তজা আলীর সভাপতিত্বে ‘বাংলাদেশের নাট্যচর্চা ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রিজোয়ান রাজন। প্রবন্ধের ওপর আলোচনা করেন ড. কুন্তল বড়ুয়া, কবি এজাজ ইউসুফী, অধ্যাপক মশিউর রহমান, নাট্যকার প্রদীপ দেওয়ানজী এবং নাট্যজন শিশির দত্ত। প্রথম দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নাটক। সন্ধ্যা সাড়ে ছয়টায় সেলিম আল দীনের রচনা ম. সাইফুল ইসলাম চৌধুরী নির্দেশনায় মঞ্চস্থ হয় গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক সংবাদ কার্টুন। ১৯৭৩ সালে সমাজের নানা সমস্যা ও অসঙ্গতি নিয়ে রচিত হয় ব্যঙ্গাত্মক নাটক সংবাদ কার্টুন। এরপর সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় খন্দকার মুর্তজা আলীর রচনা ও মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় নাট্যধারের নাটক ভগা কাইন। সভ্যতাকে আলোকিত করতে গিয়ে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে আদিবাসীদের ঐতিহাসিক আত্মত্যাগের কাহিনিই ছিল ভগা কাইনের মূল উপজীব্য। নাটক শেষে কথা হয় তথ্যচিত্র নির্মাতা আবদুল্লা আল মামুনের সঙ্গে। তিনি বলেন, ‘সংবাদ কার্টুন নাটকটিতে একজন নির্দেশককে খুঁজে পাওয়া গেছে তিনি কাহিনিও কিছুটা সম্পাদনা করেছেন সেটাও সময়োপযেগী হয়েছে। কিন্তু অভিনেতাদের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব ছিল যা কোরাস অভিনয়ের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য না এবং উচ্চারণের ক্ষেত্রেও আরও যত্নশীল হওয়া দরকার ছিল। আর প্রসেনিয়াম নাটকের ক্ষেত্রে আমরা যে আলোর কাজগুলো আশা করি তাও পাওয়া যায়নি। আর ভগা কাইন নাটকটি সব মিলিয়ে ভালো লেগেছে তবে সূত্রধরের অভিনয় বেশ পরিণত সে তুলনায় অন্যরা বেশির ভাগই ছিল নবীন যা চোখে পড়ার মতো। নাটকের গানের সুরও ভালো লেগেছে এবং চাকমার সঙ্গে বাংলার মিশ্রণেও দক্ষতার পরিচও পাওয়া গেছে।’ দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ছিল অরিন্দম নাট্য সম্প্রদায়ের বাসন। সন্ধ্যা সাতটায় প্যান্টোমাইম মুভমেন্টের প্রাচ্য এবং শেষে ছিল মেটো বাংলার পরিবেশনায় নাটকের গান।