সেলিম আল দীনের জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, পাঠ-অভিনয়, সেমিনার ও তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে নগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী উদ্যাপন করেছে। ১৮ আগস্ট ছিল বাংলা নাটকের নতুন ধারার স্রষ্টা প্রয়াত এই নাট্যকারের ৬৫তম জন্মবার্ষিকী।
১৮ আগস্ট বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে সেলিম আল দীনের বিভিন্ন নাটক থেকে নির্বাচিত সংলাপ নিয়ে ‘প্রেম, দ্রোহ ও কালিন্দির গান’ শিরোনামে পাঠ-অভিনয়ের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডিও থিয়েটার মহলা-মহলে অনুষ্ঠিত পাঠ-অভিনয়ে অংশ নেন নাট্যকলার শিক্ষার্থীরা। মধ্যযুগীয় বাংলা নাট্যরীতি অনুসরণে নির্মিত এই প্রযোজনায় সেলিম আল দীনের কীর্তনখোলা, শকুন্তলা, নিমজ্জন, ধাবমান, হাতহদাই ও চাকা নাটকের সংলাপ ব্যবহার করা হয়।
পাশাপাশি এ উপলক্ষে ১৭ ও ১৮ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে প্যান্টোমাইম মুভমেন্ট ও নাট্যাধার। অনুষ্ঠানে সেমিনার, কর্মশালা আয়োজনের পাশাপাশি সেলিম আল দীনের জীবনভিত্তিক তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। ১৭ আগস্ট সকাল ১০টায় মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এতে অতিথি ছিলেন নাট্যজন সাইফুল আলম ও মোসলেম উদ্দিন সিকদার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এশা ইউসুফ পরিচালিত সেলিম আল দীনের জীবনভিত্তিক তথ্যচিত্র এই যে আমি প্রদর্শিত হয়। এরপর শুরু হয় ‘বাংলা নাট্যের দিশা ও সেলিম আল দীন’ শিরোনামে দুদিনব্যাপী কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি কামাল উদ্দিন। কর্মশালায় তিনি আবহমান বাংলা নাটকের বিভিন্ন উপস্থাপনরীতি স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরেন। পরদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দুটো সেমিনার। প্রথম সেমিনারে ‘বিদ্যায়তনিক নাট্যকলা: জিয়া হায়দার থেকে সেলিম আল দীন’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন নাট্যজন মোস্তফা কামাল। দ্বিতীয় সেমিনারে ‘পাঁচালি নাটকে প্রাচ্যের মূকাভিনয় সম্ভবনা এবং দ্বৈতাদ্বৈতবাদ প্রসঙ্গ’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন।