সেলিম আল দীনের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানমালা আজ শুরু
নগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাট্যকার সেলিম আল দীনের জন্মবার্ষিকী উদ্যাপন করছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, প্যান্টোমাইম মুভমেন্ট ও নাট্যাধার নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্যান্টোমাইম ও নাট্যাধারের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় শুরু হবে।
অপরদিকে প্রেম, দ্রোহ ও কালিন্দির গান শিরোনামে সেলিম আল দীনের নাটক থেকে পাঠ অভিনয়ের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ। আগামীকাল ১৮ আগস্ট বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডিও মহলা-মহলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্যান্টোমাইম ও নাট্যাধারের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কর্মশালা ও সেমিনার। আজ অনুষ্ঠানের প্রথম দিন ‘বাঙলা নাট্যের দিশা ও সেলিম আল দীন’ বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন কামাল উদ্দিন কবীর। আগামীকাল ১৮ আগস্ট দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ‘বিদ্যায়তনিক নাট্যকলা: জিয়া হায়দার থেকে সেলিম আল দীন’ শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন মোস্তফা কামাল যাত্রা। ‘পাঁচালী নাটক, প্রাচ্যের মূকনাট্যায়নে দ্বৈতাদ্বৈতবাদ প্রসঙ্গ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন রিজোয়ান রাজন। পাশাপাশি সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে এশা ইউসুফের পরিচালনায় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।