সেলিমা সুলতানার 'বইপত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট একটা পরিসরে জন্ম-নেওয়া প্রতিষ্ঠানটি এখন দেড় হাজার বর্গফুট আয়তনের বইয়ের দোকানে পরিণত হয়েছে l ছবি: আনিস মাহমুদ
ছোট্ট একটা পরিসরে জন্ম-নেওয়া প্রতিষ্ঠানটি এখন দেড় হাজার বর্গফুট আয়তনের বইয়ের দোকানে পরিণত হয়েছে l ছবি: আনিস মাহমুদ

সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’ এবার ২৫ বছরে পদার্পণ করল। সিলেটে অবস্থিত হলেও একনামেই দেশব্যাপী প্রতিষ্ঠানটির পরিচিতি। এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও বাংলা ভাষাভাষী বইপ্রেমীদের কাছে ব্যাপক প্রচারিত। সিলেটে আগন্তুক সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন অথবা পর্যটকেরা একবার এখানে ঢুঁ মারেন। ছোট্ট একটা পরিসরে জন্ম-নেওয়া প্রতিষ্ঠানটি এখন দেড় হাজার বর্গফুট আয়তনের বইয়ের দোকানে পরিণত হয়েছে।
‘বইপত্র’-এর স্বত্বাধিকারী সেলিমা সুলতানা। প্রতিষ্ঠানটি গড়ে তোলার নেপথ্যের কথা জানিয়ে সেলিমা বলেন, ‘ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ছিল একটি আলাদা ভালোবাসা। একসময় যখন দেখা গেল এই সিলেট শহরের বেশ কয়েকটি বইয়ের দোকান বন্ধ করে সেখানে ভিন্নতর ব্যবসা চালু হচ্ছে, তখন সে প্রেক্ষাপটে মননশীল পাঠকদের বিচরণ ক্ষেত্র হিসেবে বইপত্রের প্রতিষ্ঠা।’
১৯৯০ সালে ‘বইপত্র’-এর যাত্রা শুরু। জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন দোতলায় অবস্থিত বর্তমান ‘বইপত্র’ সাজানো হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি দিয়ে। এটির বিন্যাস ও নির্মাণশৈলীতে মোহিত হন আগন্তুকেরা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সৃজনশীল ও মননশীল বইয়ের সব বয়সী পাঠকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ‘বইপত্র’। সেলিমা ও তাঁর স্বামী কবি শুভেন্দু ইমামের পাশাপাশি বইপত্রে বর্তমানে আরও দুজন কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে।
সিলেটের মানুষের পাঠরুচি গড়ে তোলার ক্ষেত্রে বইপত্রের একটি কার্যকর ভূমিকা রয়েছে। নানা দেশের প্রধান-প্রধান সব লেখকদের বইয়ে ঠাসা পুরো ঘর। এখানে নেড়েচেড়ে, দেখেশুনে নিজেদের পছন্দমতো বই কেনার সুযোগ রয়েছে। অন্ধবিশ্বাস, কুসংস্কার কেন্দ্রিক বই, বাজারি ও পাইরেটেড বই এখানে বিক্রি হয় না। ফলে পাঠকেরা মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক পাঠচর্চার সুযোগ পাচ্ছেন। আর প্রতিদিনই বিশ্বসাহিত্য-সংস্কৃতির নানা বিষয় নিয়ে শুদ্ধ আড্ডা তো রয়েছেই। এ কারণেই বইপত্র সিলেটবাসীর কাছে সম্মোহনী মনন বিশ্ব হিসেবে পরিচিতি পেয়েছে।
বর্তমানে বইপত্রে দেশি-বিদেশি নির্বাচিত অন্তত ৪০-৪৫ হাজার বইয়ের সমাহার রয়েছে। নবনির্বাচিত লেখকদের নির্বাচিত বই ছাড়াও এখানে রয়েছে বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লিটল ম্যাগাজিনের বিপুল সংগ্রহ, দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীদের আঁকা ছবির রিপ্রোডাকশন এবং সংগীত, যন্ত্রসংগীত, আবৃত্তির অডিও ক্যাসেট-সিডি ও ভিসিডি। বইপত্রের উদ্যোগে বিভিন্ন সময়ে সমাজের গুণী ব্যক্তিদের জন্মদিবস, মৃত্যুদিবস পালন এবং সাহিত্য কিংবা লোকগানের আসর হয়েছে। এ ছাড়া এ প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশ করা হয়েছে।
প্রতিদিন সন্ধ্যার পরপরই নিখাদ আড্ডার টানে বইপত্রে জড়ো হন সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের তরুণ কর্মী থেকে শুরু করে মূলধারার লেখকেরা। এ আড্ডায় যোগ দেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। স্থানে স্থানে বসে কিংবা দাঁড়িয়ে চলে বই দেখা, তুমুল আড্ডা আর মৃদু তর্ক-বিতর্ক। একদিকে আড্ডা চলে অন্যদিকে বইপ্রেমী পাঠকদের কাছে বই বিক্রিও চলতে থাকে।
বইপত্রের স্বত্বাধিকারী সেলিমা নারী উদ্যোক্তা হিসেবে ২০১১ সালে রাঁধুনি কীর্তিমতী সম্মাননা লাভ করেন। ‘বইপত্র’ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে সেলিমা সুলতানা বলেন, ‘একজন পাঠকের পক্ষে তাঁর সারা জীবনেও পৃথিবীর যেকোনো একটি ভাষার তাবৎ বই পড়ে ফেলা সম্ভব নয়। তাই তাঁকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে-তিনি কার বই পড়বেন, কোন বই পড়বেন। লেখক ও গ্রন্থ নির্বাচনের এ কাজটি বইপত্র আগাগোড়া নির্মোহ ও বিশ্বস্ততার সঙ্গে সম্পন্ন করে যাচ্ছে।’
সেলিমা আরও বলেন, ‘লাভ-লোকসানের তোয়াক্কা না করে জনপ্রিয় বইয়ের বিপরীতে আমরা এখানে সমাবেশ ঘটিয়েছি মননশীল বইপত্রের। পাঠকদের পকেটের ওপর নয়, তাঁদের মননশীলতার ওপর আমাদের নির্ভরতা।’ তিনি জানান, বইপত্রের ২৫ বছরের স্মৃতি সংবলিত রচনাগুচ্ছ ও আলোকচিত্রসহ বইপত্রের পাঠকদের লেখা নিয়ে একটি সংকলন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বই প্রকাশের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে রজতজয়ন্তী উৎসব উদ্যাপন করা হবে এ বছরের ২৬ অক্টোবরের মধ্যে।