সেলুলয়েডের কথক ওয়াহিদ তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রই ধ্যানজ্ঞান ওয়াহিদ তারেকের l ছবি: সংগৃহীত
চলচ্চিত্রই ধ্যানজ্ঞান ওয়াহিদ তারেকের l ছবি: সংগৃহীত

ব্যস্ত বিজ্ঞাপনচিত্র নির্মাতা তিনি। তবে সেটা মূলত রুটিরুজি। চলচ্চিত্রই ধ্যানজ্ঞান চট্টগ্রামের ছেলে ওয়াহিদ তারেকের। ঢাকায় কাজের সূত্রে বসবাস করলেও নাড়ির টান ছিন্ন করা কি সম্ভব? সম্প্রতি মুঠোফোনে তরুণ এই নির্মাতার সঙ্গে কথোপকথনে সে প্রসঙ্গই এল বারবার। এই শহরের নানা গল্পে ভর্তি তাঁর ঝুলি। এখন সেসবই ফুটিয়ে তুলতে ব্যস্ত সেলুলয়েডে।

কী করে চলচ্চিত্রে আসা, এমন প্রশ্ন দিয়েই আলাপটা শুরু হয়েছিল। প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু পেছনে ফিরলেন তারেক। চট্টগ্রামের জয়নগর এলাকায় শৈশব কেটেছে তাঁর। বাবা চাকরিজীবী। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি সবার বড়। কৈশোরে জড়িয়ে পড়েন বাম রাজনীতির সঙ্গে। সে সময় পোস্টার ও দেয়ালচিত্র এঁকেছেন বিস্তর। পরে নাট্যদল ‘থিয়েটার ওয়ার্কশপ’ ও মূকাভিনয়ের সংগঠন ‘প্যান্টোমাইম মুভমেন্টের’ বিভিন্ন প্রযোজনায় শিল্পনির্দেশনা ও আলোক–নির্দেশনার কাজ করেছেন। এভাবে ডিজাইনের সঙ্গে পরিচয়, বলা যায় হাতেখড়িও।

১৯৯৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা দেখে একরকম ঘোরের মধ্যে পড়ে যান। ঘোরটা প্রলম্বিত হয় ঋত্বিকের অযান্ত্রিক দেখার পর। এই সময় সত্যজিৎ রায়, ফেদেরিকো ফেলেনি, ডিসিকাসহ অনেকের চলচ্চিত্রই দারুণ উদ্বুদ্ধ করেছিল। সমান গতিতে চলতে থাকল বই পড়াও। রবীন্দ্রনাথ, তলস্তয়, দস্তয়েভস্কির পাশাপাশি পাঠ তালিকায় ছিল মানিক বন্দ্যোপাধ্যায়, কমলকুমার মজুমদার, জীবনানন্দ দাশ, সমকালের শহীদুল জহিরসহ অনেক লেখকের লেখা। কিন্তু তখন পর্যন্ত জানতেন না চলচ্চিত্রই হবে তাঁর প্রকাশের প্রধান ভাষা। হয়ে উঠবেন সেলুলয়েডের কথক।

তারেকের জীবনের বাঁক বদলটা ঘটিয়ে দিয়েছিলেন এক রুশ ভদ্রলোক। সালটা ঠিক মনে আসছিল না। তারেক খানিকটা ভেবে বললেন, ‘সেটা ১৯৯৮ সালের দিকে হবে। ঢাকায় কোনো একটি উৎসবে রুশ চলচ্চিত্রনির্মাতা আন্দ্রেই তারকোভস্কির স্টকার চলচ্চিত্রটি দেখি। এরপরই সিদ্ধান্ত নিয়েছিলাম চলচ্চিত্রই নির্মাণ করব। নিজের সিনেমাটি বানাতেই হবে আমাকে।’

স্টকার–এর এই অভিঘাত একেবারেই পাল্টে দিল তারেকের দেখার জগৎ। তখন চলচ্চিত্রের আরও নতুন সম্ভাবনার জায়গা তৈরি খুঁজে পান পারাজানভ ও বার্গম্যানের সিনেমা দেখে। আর এই প্রেরণার ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গঠন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। তিনি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তখন বন্ধুদের উৎসাহে পাঁচ মিনিটের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রও নির্মাণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অধ্যায় শেষে ২০০০ সালে ঢাকায় এক অনিশ্চয়তায় ভরা জীবনের মধ্যে পড়ে যান তারেক। কেমন ছিল সে সময়টা? প্রশ্ন করলে এড়িয়ে যেতে চান ওয়াহিদ তারেক। বলেন, ‘কষ্ট করেছি অনেক। ঢাকায় টিকে থাকা খুব কঠিন ছিল। কিন্তু সেসব কথা বললে এখন বেমানান মনে হবে। এত বড় হতে পারিনি যে, নিজের স্ট্রাগলের কথা এভাবে বলব!’

তবু আলাপে আলাপে জানালেন, সে সময় রম্য রহিম আর অমিতাভ রেজার সঙ্গে বিজ্ঞাপন চিত্র নির্মাণে সহযোগিতা করেছেন। থেকেছেন বুয়েটের ছাত্রাবাসে। পরে মেস করে। কখনো থেকেছেন কারও ড্রয়িং রুমে সোফার পেছনে। পরে নিজেই বিজ্ঞাপন নির্মাণ শুরু করেন। মাঝে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত অ্যানিমেশনের (কার্টুন) কাজ করেছেন। সে সময় কোনো বিজ্ঞাপন নির্মাণ করেননি। ‘লুকা টু’ নামের ২৬ পর্বের একটি অ্যানিমেশন তৈরি করেন। একটি টিভি চ্যানেলে সেটা প্রচারিতও হয়েছিল। তবে ব্যয় সাপেক্ষ বলে সেই কাজ দীর্ঘদিন করতে পারেননি। ২০০৫ সালে নাটক সম্পর্কের ডানা টিভিতে প্রচারিত হয়। এ সময় চলচ্চিত্র নির্মাণের জন্য প্রযোজক খুঁজতে থাকেন। কিন্তু অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলো তাঁকে বিজ্ঞাপনচিত্র নির্মাণের জন্য চাপ দেয়। টাকার প্রয়োজন ছিল বলে আবারও বিজ্ঞাপন নির্মাণ শুরু করেন তখন।

তবে প্রতিবছর একটি করে টিভি নাটক নির্মাণ করেছেন। তাঁর নাটকের একটি প্রধান বৈশিষ্ট্য, সেখানে নিজস্ব একটা দর্শন আছে। ‘একটি যথাযথ মৃত্যু’, ‘লিটল এঞ্জেল আই অ্যাম ডায়িং’, ‘আগস্টে লেখা গল্প সমগ্র’, ‘গল্পটা শেষ হয়ে গেল’ নাটকগুলোতে তারেকের সমাজ ও মানুষ সম্পর্কে তারেকের নিজস্ব ভাবনার পরিচয় মেলে। এ পর্যন্ত নির্মিত চারটি প্রামাণ্যচিত্রও এর ব্যতিক্রম নয়।

সম্প্রতি সেন্সরে গেছে ওয়াহিদ তারেকের আলগা নোঙর চলচ্চিত্রটি। ইতিমধ্যে ইউটিউবে এই চলচ্চিত্রের টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। এই চলচ্চিত্রের একটা বড় অংশজুড়েই রয়েছে তারেকের ভালোবাসার শহর চট্টগ্রাম। চলচ্চিত্রে গল্পটা জানতে চাইলে তারেক বলেন, ‘অপেক্ষা করুন, এখনই বলছি না। তবে এটা এই শহরেরই গল্প। আমাদেরই গল্প।’