চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগে সেশনজট কমাতে নিয়মিত পাঠ-পরীক্ষা শুরু হয়েছে। এসব বিভাগে দুই-তিন বছরের সেশনজট রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ওই ১০টি বিভাগ ‘সেশনজট বিভাগ’ বলে পরিচিত। এসব বিভাগের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, চারুকলা, যোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নৃবিজ্ঞান, পদার্থ, গণিত, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা। ১০ বিভাগে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলা অনুষদের শিক্ষার্থী আবদুল করিম বলেন, ‘আমার ছোট ভাই লোকপ্রশাসন থেকে গত বছর সম্মান শেষ করে এখন স্নাতকোত্তর করছেন। অথচ আমি এখনো স্নাতকোত্তরই দিতে পারিনি।’ সূত্র জানায়, শিক্ষকদের অন্তর্কোন্দল, পরীক্ষা গ্রহণে আন্তরিকতার অভাব, শিক্ষাছুটির নামে দেশের বাইরে যাওয়া, ক্লাস করার ব্যাপারে শিক্ষার্থীদের অনাগ্রহ, ফলাফল প্রকাশে বিলম্ব প্রভৃতি কারণে এসব বিভাগে সেশনজট তৈরি হয়। এ জটের কারণে এসব বিভাগের অনেক শিক্ষার্থী বিসিএসসহ নানা পেশাগত পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এসব কারণে নিয়মিত পাঠ-পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানা গেছে।এ ব্যাপারে উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘বিভাগগুলোতে নিয়মিত পাঠদান ও পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমি সজাগ রয়েছি। এ ব্যাপারে শিক্ষকদের সঙ্গেও কথা বলছি। আশা করছি, এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনজট দূর করতে পারব। এ ব্যাপারে ছাত্র-শিক্ষক সবার সহযোগিতা কামনা করছি।’প্রশাসন সূত্র জানায়, বর্তমানে এসব বিভাগে ঘোষিত হয়েছে পরীক্ষার তারিখ। আট মাস ধরে নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। সাংবাদিকতা বিভাগে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে নেওয়ার কথা রয়েছে। একইভাবে অন্যান্য বিভাগেও পরীক্ষা নিতে শিক্ষকেরা জোর চেষ্টা করছেন বলে জানা যায়। এভাবে যথাসময়ে পরীক্ষা নিলে সেশনজট অনেকটা দূর হতে পারে বলে অভিমত দিয়েছেন প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো। তবে বাংলা ও ইংরেজির গতিশীলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই দুটি বিভাগের শিক্ষার্থীরা। অন্য বিভাগে ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যেখানে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় অংশ নিচ্ছেন, সেখানে বাংলা ও ইংরেজি বিভাগে স্নাতকোত্তর কোর্সের ক্লাস এখনো চলছে। ইংরেজি বিভাগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী জানান, ‘আমার বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে কোনো জট নেই। তবে চতুর্থ এবং স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীরা এক বছর পিছিয়ে আছে।’ চলতি বছরেই সংকট নিরসন হবে বলে তিনি আশা করেন। সাংবাদিকতা বিভাগ অন্য বিভাগের চেয়ে অনেক বেশি গতিশীল বলে তিনি দাবি করে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সভাপতি মীর মোশারেফ হোসেন বলেন, ‘আমাদের বিভাগে পাঠ-পরীক্ষা নিয়মিত হচ্ছে। এই বিভাগে কোনো সেশনজট নেই।’