সেশনজট দেড় বছরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র সংঘর্ষ ও ছাত্রধর্মঘটের পর গত ৫ এপ্রিল সচল হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রায় টানা দুই মাস পর ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম পুরোদমে শুরু হয়। তবে ২২ এপ্রিল থেকে বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালের কারণে আবার বিঘ্ন ঘটে শিক্ষাকার্যক্রমের।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে সংঘর্ষ, ধর্মঘট, অবরোধসহ নানা কারণে বিঘ্নিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম। এই সময়ে বিশ্ববিদ্যালয় অনির্ধারিত কারণে বন্ধ ছিল ১৪৫ দিন। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এক থেকে দুই বছরের সেশনজটে ভুগছেন। অনেকের চার বছরের স্নাতক ও এক বছরের স্নাতকোত্তর শ্রেণীর কোর্স সম্পন্ন করতে ছয় থেকে সাত বছর লাগছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অনির্ধারিত ছুটির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় নতুন করে সব শুরু করতে হয়। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ১৭ মার্চ পর্যন্ত। টানা ৩৮ দিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় ১৮ মার্চ। কিন্তু ছাত্রশিবির চার দফা দাবিতে ওই দিন থেকে ছাত্রধর্মঘট ডাকে। ধর্মঘট পালনের ১৮ দিনের মাথায় ৪ এপ্রিল বিকেলে ছাত্রধর্মঘট স্থগিত করে। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এর আগে গত বছরের ২৯ ও ৩০ এপ্রিল ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পয়লা মে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সব ক্লাস-পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত ঘোষণা করে।জানা গেছে, ২০১০ সালে মাত্র দুই মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র খুন হন। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ দিন সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে। এই তিন ছাত্রের মধ্যে আসাদুজ্জামান আসাদ ছিলেন ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ আসাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২২ দিন অবরোধ কর্মসূচি পালন করে।বিশ্ববিদ্যালয় সূত্রমতে, ২০১০ সালের ২৬ জুলাই বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি শুরু করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে ওই বছরের ২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন জরুরি সিন্ডিকেট সভায় এক মাস আগেই রমজান ও ঈদের ছুটি আগাম ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেকোনো কারণে বিঘ্নিত হলে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা। অনির্ধারিত ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হয়, যা শিক্ষার্থীদের অভিভাবক ও দেশের জন্য হতাশাজনক।’ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার উদ্দিন বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ইতিমধ্যে চতুর্থ বর্ষ সম্পন্ন করেছে। আর আমরা এখনো রয়ে গেছি তৃতীয় বর্ষে। অনির্ধারিত বন্ধের কারণে আমাদের শিক্ষাজীবন শুধু দীর্ঘই হচ্ছে।’