সেশনজট নিরসনের দাবিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এতে দুই দফা দাবি দেওয়া হয়। তিন দিনের মধ্যে এসব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
দুই দফা দাবি হলো বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের পরীক্ষা আগামী মে মাসের ২ তারিখ থেকে শুরু ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের ক্লাস দ্রুত শুরু করতে হবে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী বিকুল তাজিম, জান্নাতুল ফেরদৌস, মাসুম বিল্লাহ, মোহাম্মদ সরোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা বিভাগে বর্তমানে আটটি শিক্ষাবর্ষ রয়েছে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ফলাফল এখনো হয়নি। ২০১২-১৩ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের পরীক্ষা এক মাস আগে শেষ হলেও তৃতীয় বর্ষের ক্লাস কবে নাগাদ শুরু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণিতে দুটি করে শিক্ষাবর্ষ রয়েছে।
তাঁরা আরও বলেন, সেশনজট নিরসনে বিভাগের সভাপতি ও উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেই। তিন দিনের মধ্যে যদি দাবি না মানা হয়, তাহলে সর্বোচ্চ আন্দোলন করে অধিকার আদায় করা হেব।