সেশনজটের কবলে চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা
ক্লাস শুরুর আগেই সেশনজটের কবলে পড়েছেন চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া শেষ হয়েছে কয়েক মাস আগে। কিন্তু ৭৭ দিন উপাচার্য না থাকায় সৃষ্ট প্রশাসনিক জটিলতায় তাঁদের ক্লাস শুরু হয়নি। এ ছাড়া গত ৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপাচার্য নিয়োগের দাবিতে লাগাতার ক্লাস বর্জন করায় পুরোনো ছাত্ররাও পিছিয়ে পড়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে সেশনজট বাড়ল। খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২৯ জানুয়ারি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (খুয়েট) ১৬ ফেব্রুয়ারি ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ ছাড়া দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেও এখনো ক্লাস শুরু করতে পারেনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ১৮ মার্চ একবার ক্লাস শুরুর ঘোষণা দিলেও উপাচার্য না থাকার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাও স্থগিত করা হয়। ফলে ক্লাস শুরুর আগেই সেশনজটে পড়েছেন চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ক্লাস শুরু হতে দেরি হওয়ায় অনেক অভিভাবক ও শিক্ষার্থী উদ্বিগ্ন। প্রথম বর্ষে ভর্তি হওয়া একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে অনেক আগে। কারও কারও প্রথম সেমিস্টারও প্রায় শেষের পথে। অথচ আমাদের ক্লাস এখনো শুরুই হয়নি।’এ প্রসঙ্গে চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন উপাচার্য না থাকায় একাডেমিক কাউন্সিলের সভা ডাকা যায়নি। তাই প্রথম বর্ষের ক্লাস শুরু হতে বিলম্ব হয়েছে।’ উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য হিসেবে যোগদানের পর থেকেই প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়টি আমি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি, ৭ মে থেকে ক্লাস শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘ক্লাস শুরুর পর তাদের এ ক্ষতি পূরণের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলব।’ জানা যায়, উপাচার্য নিয়োগের দাবিতে গত ৪ মার্চ থেকে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। লাগাতার ৩৪ দিন ক্লাস বর্জন কর্মসূচি শেষে ৮ এপ্রিল থেকে তাঁরা ক্লাসে ফেরেন। তবে কারণ দর্শিয়ে ক্লাস শুরুর আবেদন না করায় প্রথম দিন ক্লাস নেননি শিক্ষকেরা। পরে শিক্ষার্থীদের আবেদনের পেরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল থেকে নিয়মিতভাবে শুরু হয়েছে সব বিভাগের শিক্ষাকার্যক্রম। ফলে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীরাই নয়, প্রায় এক মাসেরও অধিক সময় পিছিয়ে পড়েছেন অন্য সব বর্ষের শিক্ষার্থীরাও। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। শিক্ষার্থীদের ৩৪ দিনের ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমি বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলব।’