সোনাগাজীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের জিরোপয়েন্টে এ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসির উদ্দিন। অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ কমান্ডার মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরেফিন, যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে জেলা পরিষদের ভূমিতে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে।