সোনাগাজীর সব বিদ্যালয়ের পরীক্ষার ফল এখন থেকে অনলাইনে
ফেনীর সোনাগাজী উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল এখন থেকে অনলাইনে প্রকাশ করা হবে। অভিভাবকেরা ঘরে বসেই দেখতে পারবেন সন্তানের ফলাফল। কেবল তা–ই নয়, অনলাইনে ফলাফল প্রকাশ উপজেলার বিদ্যালয়গুলোর জন্য বাধ্যতামূলকও করা হয়েছে।
২০ জানুয়ারি সোনাগাজী উপজেলা পরিষদ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক। অতিথি ছিলেন বিএস টেকনোলজির প্রকৌশলী মনির আহম্মদ।
মো. আল আমিন বলেন, এখন থেকে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের ফলাফল ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে অতি সহজে জানতে পারবেন। ওয়েবসাইটে ফলাফল প্রকাশ উপজেলার সব বিদ্যালয়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ না করে, তাহলে কারণ দর্শাতে হবে।
সভায় উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।