কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে ঝাউগাছে মড়ক দেখা দিয়েছে। মড়কে গত ছয় মাসে অন্তত পাঁচ হাজার ঝাউগাছের চারা মারা গেছে। তবে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত লবণাক্ততার কারণে ঝাউগাছ মরে যাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮-২০০৯ সালে সোনাদিয়ায় ৮০ হেক্টর চর এলাকায় বন বিভাগ ঝাউবাগান সৃজন করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে ছয় মাস আগে ঝাউবাগানে মড়ক দেখা দেয়। এতে বাগানের ভেতরে অন্তত পাঁচ হাজার ঝাউগাছের চারা মরে যায়।
এদিকে, মরে যাওয়া ঝাউগাছগুলো কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র—এমন অভিযোগ করেছেন ঝাউবাগানের আশপাশে বসবাসকারী লোকজন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ অক্টোবর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় মরা গাছ সরানোর বিষয়টি আলোচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের মরা গাছ কাটার বিষয়ে অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন।
সোনাদিয়ার বাসিন্দা আমির হোসেন জানান, বাগান থেকে মরা ঝাউগাছের চারাগুলো স্থানীয় লোকজন কেটে নিয়ে যাচ্ছে। এতে বনকর্মীরা বাধা দিলেও কাজ হচ্ছে না।
সোনাদিয়া বন বিভাগের বিট কর্মকর্তা পিয়ার মাহমুদ বলেন, জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করার জন্য স্থানীয় লোকজন রাতের অন্ধকারে মরা ঝাউগাছগুলো কেটে নিয়ে যায়। তাই সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে ওই গাছ কেটে নিলাম দেওয়া জরুরি হয়ে পড়েছে।
উপকূলীয় বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত লবণাক্তার কারণে ঝাউগাছে মড়ক দেখা দিয়েছে। তাই মরে যাওয়া প্রায় পাঁচ হাজার ঝাউগাছের চারা সরানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে।