বাদামতলির রোদ্দুর তখন পশ্চিম দিগন্তে পুরোপুরি হেলে পড়েনি। একটা হলুদ আভা ছড়িয়ে আছে সর্বত্র। মেরুন টি-শার্ট পরে বাসা থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে আসে নীলয়। লেবুরঙা বিকেলে বাস ছাড়ল। জানলায় বসে রোদ মরে যেতে দেখল সে। একসময় ছায়া গাঢ় হতে হতে পৃথিবী এখন ঘোলাটে। তারপর সূর্য-হারানো পৃথিবীর শরীর চুঁইয়ে অন্ধকার নেমে এল। জানলায় মাথা রেখে চাঁদ উঠতে দেখল নীলয়। তার খুব ভালো লাগছে। সকালে যখন সুপর্ণা ফোন করে বলল, ‘তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে?’ নীলয় কোনো কিছু না ভেবে বলেছে, ‘আসছি আমি।’
বাস ছুটছে, সঙ্গে সঙ্গে চাঁদও। চাঁদ নয়, সুপর্ণাকে দেখছে নীলয়।
চাঁদ ভোরের কাছাকাছি পৌঁছে যায়। বাস এসে থামল তার শেষ গন্তব্যে। ভোরের আলো পুরো ফোটেনি। বাকি পথটুকু হেঁটে হেঁটে এগোয় সে।
নীলয় এখন জমিদার বাড়ির পেছনের এঁদো পুকুর ঘাঁটে দাঁড়িয়ে আছে।
সুপর্ণা আসবে। তার অপেক্ষা করতে ভালো লাগছে। স্কুলে নিচের ক্লাসে পড়ত সুপর্ণা। কিন্তু কখনো নিজের কথা মুখ ফুটে বলা হয়নি। সুপর্ণা হয়তো বুঝত নীলয়ের চোখের ভাষা, হয়তো বুঝত না। শহরে চলে আসে সে। মনে মনে মন পড়ে রইল সুপর্ণার দিকে। তবু সাহস করেনি ভালোবাসার কথা জানাতে। গতকাল সুপর্ণার ফোন পেয়ে মোটেও অবাক হয়নি নীলয়, সে জানত একদিন ঠিকই সুপর্ণা তার কথা জেনে যাবে। নীলয় মনে মনে আজকের দিনটির জন্য অপেক্ষা করে গেছে।
সুপর্ণা এল।
নীলয়ের দিকে গভীর অথচ বিষণ্ন কালো চোখজোড়া মেলে বলল, ‘আমি একজনকে ভালোবেসে নিজের সবটুকু তাকে দিয়েছিলাম, আমি...’
সুপর্ণা বলে চলে তার কাহিনি...
নীলয় কিছু শুনতে পায় না।
নীলয়ের চোখে আকাশ উপচানো জোছনার ঢল নেমেছে। নীলয় দেখল সোনার থালার মতো চাঁদ তার দিকে তাকিয়ে আছে।