
তামা-কাঁসা-পিতলের তৈজসপত্রের চল একসময় অনেক বেশি ছিল। আভিজাত্যের প্রকাশ ঘটত তামা-কাঁসা-পিতলের জিনিসপত্রে। দাম ও সহজলভ্যতার কারণে চীনামাটি, মেলামাইন, সিরামিক আর প্লাস্টিকের তৈরি বাসনকোসনের বিক্রি এখন বেশি। তবু তামা-কাঁসা-পিতলের এখনো এসবের চাহিদা আছে। দাম একটু বেশি হলেও কাঁসার বাসনকোসন ঐতিহ্য আর আভিজাত্য তুলে ধরে।
তামা-কাঁসা-পিতলের শুরুর কথা
ধারণা করা হয়, প্রাচীন সভ্যতার ব্রোঞ্জ যুগে প্রথম এসবের প্রচলন শুরু হয়। আবার অনেকে এই শিল্পকে মহাস্থানগড়কেন্দ্রিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন। ১৫৭৬ থেকে ১৭৫৭ খ্রিষ্টাব্দে মুঘল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা-পিতলের ব্যবহার শুরু হয়। শুরুর দিকে এসব ধাতু দিয়ে ঢাল, তলোয়ার, বল্লম, তির-ধনুক ইত্যাদি যুদ্ধসরঞ্জাম তৈরি করা হতো। ব্রিটিশ শাসন আমলে এসে শিল্পের প্রসার ঘটে আরও। ক্রমশ যুদ্ধসরঞ্জাম ছাপিয়ে তৈরি হতে থাকে নিত্যব্যবহার্য পণ্যসামগ্রী যেমন—থালা, গ্লাস, কলস, পূজার ঘণ্টা, গামলা, চামচ, বালতি, হাঁড়িপাতিল, কড়াই, প্রদীপ, বিভিন্ন দেবদেবীর মূর্তি, সংগীত সাধনার যন্ত্র ইত্যাদি।
ঢাকার ধামরাই, শিমুলিয়া ছাড়াও টাঙ্গাইলের কাগমারী, জামালপুরের ইসলামপুর, বগুড়ার শিববাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজংয়ে কারখানা গড়ে উঠতে শুরু করে। এ শিল্পের সুনাম ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। ১৯৪২ সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নিয়ে জামালপুরের কাঁসাশিল্পী প্রয়াত জগত্চন্দ্র কর্মকার শ্রেষ্ঠ শিল্পী হিসাবে স্বর্ণপদক লাভ করেন। ১৯৪৭-এ দেশ ভাগের পর অনেক ব্যবসায়ী ও কারিগর ভারতে চলে যান। ফলে কিছুটা ভাটা পরে এই শিল্পে।
ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের মুরসালিন মেটাল হাউসের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল দীর্ঘ ২৫ বছর ধরে আছেন তামা-কাঁসা-পিতলের তৈরি পণ্যসামগ্রী বিক্রির কাজে। তিনি বলেন, কাঁসার বাসনকোসনের চাহিদা কম থাকলেও কাঁসার শো-পিসের চাহিদা রয়েছে বেশ। উপহার হিসেবে দেওয়া যায় এমন পণ্যও ক্রেতারা কিনছেন।
কাঁসাশিল্পের অবস্থা এখন নাজুক। এমনটাই জানালেন ঢাকার ধামরাইয়ের কাঁসাশিল্পী ধাতব মেটাল ক্রাফটসের স্বত্বাধিকারী সুকান্ত বণিক। তিনি বলেন, ‘ধামরাইয়ে আমরা সাধারণত দেবদেবীর মূর্তি আর শৌখিন জিনিসপত্র বানাই। সে ক্ষেত্রে চাহিদার একটা বড় অংশ ছিল বিদেশি ক্রেতাদের দখলে। কিন্তু গুলশানে জঙ্গি হামলার পর বিদেশি ক্রেতাও এখন শূন্যের কোঠায়। আগে যেখানে কারিগর ছিল ২২ জন, এখন তা নেমে এসেছে ৫-৬ জনে। কিন্তু তাদের নিয়মিত কাজ দেওয়া যাচ্ছে না। ফলে এ শিল্পের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ।’
একই সুর পাওয়া গেল রাজধানীর শাঁখারীবাজারের ধামরাই বাসনালয়ের স্বত্বাধিকারী আতাউর রহমানের কথায়। ‘বাজারের পরিস্থিতি মন্দা। এই আধুনিক যুগে এসে লোকজন মেলামিন, প্লাস্টিক আর স্টিলের পণ্যের ভিড়ে পিতল-কাঁসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। পূজা উপলক্ষে কিছুটা বিক্রি হলেও এগুলোর ব্যবহার প্রায় বন্ধই হয়ে যায়।’

তামা-কাঁসা-পিতলের পণ্য
পিতলের হাঁড়ি-পাতিল থেকে শুরু করে গ্লাস, প্লেট, পানির জগ, তাগারি, পেয়ালা, পট, কুপি-বাতি, দরজার খিল, হুঁকা, সুরমাদানি, পানদানি, লবণদানি, বদনা, ছেনি, কলস, টিফিন ক্যারিয়ার, পূজার ব্যবহার্য ঘণ্টা, কাশি, করতাল, পিতলের তৈরি দেবদেবীর মূর্তি, তুলসীপত্র, দ্বীপ, পঞ্চপ্রদীপ, পুষ্পথালা, ঘটি, আগরদানিসহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করেন এই শিল্পের কারিগরেরা। শৌখিন পণ্য ও শো-পিসের মধ্যে রয়েছে বনের বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হরিণ থেকে শুরু করে জলের মাছ, ডলফিন, হাঙর, তিমিসহ বিভিন্ন স্থাপনা ও যানবাহনের প্রতিলিপি।
দরদাম
সাধারণত কেজি কিংবা সের হিসেবে এসব পণ্য বিক্রি হয়। সে ক্ষেত্রে বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে তামা, ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে কাঁসা এবং ১ হাজার ২০০-১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পিতলের তৈরি পণ্যসামগ্রী। এর মধ্যে পিতলের তৈরি হাঁড়ি পাবেন ১ হাজার ৫০০ টাকা প্রতি কেজি, গ্লাস ১ হাজার ২০০, প্লেট ১ হাজার ৬০০ এবং থালা ১ হাজার ৬০ টাকা কেজি। কাঁসার তৈরি হাঁড়ি পাবেন ২ হাজার ৫০০ টাকা কেজি, গ্লাস ২ হাজার ২০০, প্লেট ২ হাজার ৫০০ এবং থালা ২ হাজার ২০০ টাকা কেজি। তামার তৈরি প্লেট পাবেন ২ হাজার টাকা কেজি। গ্লাস ২ হাজার ২০০ টাকা কেজি। এ ছাড়া ফুলদানি ৫০০ থেকে ১২ হাজার টাকা, ফুলের টব ১ হাজার থেকে ২০ হাজার, টবের স্ট্যান্ড ১ হাজার থেকে ১ হাজার ৫০০, বাতির শেড ১৫ হাজার, কলস (হালকা নকশা) ১ হাজার থেকে ৪ হাজার, কলস (ভারী নকশা) ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার এবং ওয়ালম্যাট ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া আকার, নকশা ও ওজনভেদে বিভিন্ন শৌখিন পণ্য ও শো-পিস কিনতে পারবেন ৫০০ থেকে ২০ হাজার টাকায়।
যত্নআত্তি
পিতল, তামা কিংবা কাঁসার তৈরি তৈজসপত্রের ধোয়ামোছা আর অন্যসব তৈজসপত্রের মতো নয়। সে ক্ষেত্রে বাজারে মেলে ‘মেটাল পলিশ’ নামে এক ধরনের বোতলজাত তরল পদার্থ, যা পাবেন প্রায় সব ধরনের হার্ডওয়্যারের দোকানে। দাম ২০০-২৫০ টাকা। পরিষ্কার করার নিয়ম সম্পর্কে মো. মোস্তফা কামাল বলেন, প্রথমে মেটাল পলিশ পাত্রের গায়ে ভালোভাবে ব্রাশ করে লাগাতে হবে, তাতে পাত্রের গায়ের রং কিছুটা কালো হবে। পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। এরপর আবার আরেকটি পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে ভালোভাবে ঘষতে হবে, যতই ঘষা হবে পাত্র ততই উজ্জ্বল আর নতুনের মতো চকচকে দেখাবে পাত্রটি। তবে এ সময় ভুলেও কখনো ভেজা কাপড় ব্যবহার করা যাবে না।
কোথায় পাবেন
গুলশান ডিসিসি মার্কেট (দুই তলা), নিউ এলিফ্যান্ট রোড ও পুরান ঢাকার শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার ও বাংলাবাজারে।