সোনালি আঁশে রঙিন পোশাক

সোনালি আঁশেই এবার নানা রঙের ছোঁয়া। লাল, নীল, গোলাপি, সবুজ, কালো—কত্ত যে রং। আর এই রং-বৈচিত্র্যই পাটের আঁশের সুদিন ফেরাতে পারে। সেই স্বপ্ন দেখছেন মো. আমির হোসেন। পাটের আঁশকে নানাভাবে পরিশুদ্ধ করে, রাসায়নিক ওয়াশের মাধ্যমে সেটা পরার উপযোগী করছেন তিনি। বিশেষ করে শীতের জন্য তৈরি করছেন পাটের পোশাক। ইচ্ছে—বিদেশে এই পোশাকের বাজার তৈরি করা।

শুরুটা যেভাবে
২০০১ সালের দিকে ঢাকায় একটা পাটের মেলায় ঘুরতে গিয়েছিলেন আমির হোসেন। সেখানেই পাটের তৈরি নানা ধরনের পণ্য দেখে পোশাক তৈরির কথা ভাবেন। আমিরের বাবা চাকরি করতেন পাটকলে। মা বাসায় সেলাই শেখাতেন নারীদের। আর এই দুটি অভিজ্ঞতা থেকেই পাটের পোশাক তৈরিতে মনে জোর পান তিনি। ডিজাইনার আমির হোসেন বলেন, ‘অনেকেই হয়তো নানা সময়ে অল্পবিস্তর পাটের পোশাক তৈরি করেছেন। তবে এই পোশাকের মূল চ্যালেঞ্জ হলো, এটাকে আরামদায়ক করা। তাই সেটা নিয়েই কাজ শুরু করলাম।’
পাট নিয়ে নানা ধরনের বইপত্র পড়া, নানা মানুষের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়েছেন। প্রায় ১৪ বছর ধরে পাট নিয়ে নানা ধরনের গবেষণা করছেন আমির। ২০০৭ সালে একটা প্রদর্শনীর আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। সেখানে নানা ধরনের দেশি পোশাক প্রদর্শন করেন। তবে সেই প্রদর্শনী থেকে নানা ধরনের প্রতিক্রিয়া নিয়ে আমির শুরু করেন পাটের সুতাকে আরামদায়ক করার কাজ। এরপর আরও তিনটি প্রদর্শনী করেছেন বিভিন্ন সময়ে।


এখন যেমন নকশা
এখনো যেহেতু আমির পোশাকগুলো বাজারে ছাড়া শুরু করেননি, তাই তৈরির খরচটা বেশি হচ্ছে। এ কারণে দেশের বাজারে এখনই পাওয়া যাবে না এই পোশাক। আমির হোসেন বলেন, ‘আমি বিদেশে পাটের পোশাকের বাজার তৈরি করতে চাই। এ কারণে নানা ধরনের পশ্চিমা পোশাক তৈরি করেছি। বিদেশিরা আগ্রহী হলে আমাদের দেশে পাটের উৎপাদনও বাড়বে। ফলে লাভবান হবেন পাটচাষিরা। ফিরবে সোনালি আঁশের সুদিন।’

ক্ষ ফ্যাশন হাউসের মাধ্যমে আমির হোসেন এখন দিনরাত কাজ করছেন পাটের পোশাক নিয়ে। বানাচ্ছেন জ্যাকেট, ওভার কোট, ব্লেজার, টপ, প্যান্ট, মুজিব কোট ইত্যাদি। পাটের আঁশ দিয়ে কাপড় তৈরি করে সেখানে চামড়া বা মেটালের ব্যবহার করেছেন। কোলাজ, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট বা কনট্রাস্ট রঙে নকশা করছেন।
প্রদর্শনীর অপেক্ষা
যেহেতু পাটের কাপড় কিছুটা মোটা হয়, তাই এটা শীতপ্রধান দেশের কথা ভেবেই তৈরি করা। আগামী মার্চ মাস নাগাদ দেশে প্রদর্শনী করতে চান তিনি। এ ছাড়া দেশের বাইরেও ফ্যাশন শো বা প্রদর্শনী করে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে চান। আমির হোসেন বলেন, ইচ্ছে আছে কয়েক মাসের মধ্যে প্রদর্শনী আয়োজন করার। বিদেশি বায়ারদের দেখাতে চাই এসব পণ্য। এ জন্য সরকারি সহায়তা দরকার।