সোনিয়ার আতঙ্ক পরিবার নিয়ে
পৌষের শীতমাখা সকাল। হাজির হলাম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। গন্তব্য বার্ন ইউনিট। সেখানে তাঁকে খুঁজে পেতে তেমন বেগ পেতে হলো না। অ্যাসিডদগ্ধ রোগী হিসেবে কেবল তিনিই সেখানে চিকিৎসা নিচ্ছেন। তিনি গৃহবধূ সোনিয়া বেগম (২৮)। থাকেন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায়। ৫ জানুয়ারি ভোর সোয়া চারটায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে তিনি দগ্ধ হয়েছেন। ওই দিনই ভোর পাঁচটার দিকে তাঁকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অ্যাসিডে সোনিয়ার পিঠ ও ডান পায়ের অনেকটা জায়গা পুড়ে গেছে। এ ছাড়া দুই হাত ও মুখের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭ জানুয়ারি সকালে গিয়ে দেখা গেল, মেঝেতে সাদা চাদরের ওপর শেওলা রঙের কাঁথায় আধশোয়া হয়ে আছেন সোনিয়া। গায়ে গোলাপি শাল। ক্লান্তিমাখা মুখে ছোট ছোট পোড়া দাগ কালো হয়ে গেছে। মুখের দিকে তাকিয়েই বোঝা গেল শারীরিক যন্ত্রণার সঙ্গে মিশে আছে ভয় আর দুশ্চিন্তা। এখন কেমন আছেন—জানতে চাইলে সোনিয়া বলেন, ‘ভালো নেই। শরীরের কষ্টের চেয়েও বেশি ভয়ে আছি পরিবারকে নিয়ে।’
অনেকটা আতঙ্ক নিয়েই ঘটনার বর্ণনা করেন সোনিয়া। তিনি জানালেন, ঘটনার দিন ভোর সোয়া চারটার দিকে তিনি বাসার কাছেই দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ তাঁর গায়ে তরল কিছু এসে পড়ে। চিৎকার করে উঠলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গায়ে পানি ঢালেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ভোর রাতে সেখানে অপেক্ষা করার কারণ হিসেবে সোনিয়া জানান, তিনি দুই ছেলে ও স্বামীসহ জেনেভা ক্যাম্পে মায়ের বাসায় থাকেন। নতুন করে বাড়ির কাজ করার জন্য তাঁদের দোতলা বাড়ির নিচতলা ভাঙা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় পাশের গলিতে আরেকটি বাসা ভাড়া নিয়েছেন তাঁরা। ঘটনার আগের রাতে দুই ছেলেসহ স্বামী ভাড়া বাসায় ছিলেন। আর সোনিয়া মায়ের সঙ্গে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন। ভোর চারটার দিকে তাঁর স্বামী মো. মোস্তাক রনি সোনিয়ার মায়ের বাড়িতে আসেন। বাচ্চাদের জন্য খাবার কিনতে যান সোনিয়ার স্বামী। স্বামী ফিরতে দেরি করলে সোনিয়া বাসা থেকে একটু এগিয়ে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে প্রতিবেশী আনোয়ার, সানোয়ার, মুরাদসহ আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সোনিয়া অভিযোগ করেন, বাড়ির জমি নিয়ে শত্রুতার কারণে পূর্বপরিকল্পিতভাবে তাঁরা সোনিয়ার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। কারণ কিছুদিন ধরেই তাঁরা প্রাণনাশসহ অ্যাসিড মারার হুমকি দিয়ে আসছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। অ্যাসিড নিক্ষেপের ঘটনা নিয়ে ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। ঘটনার মাত্র দুই দিন আগে সোনিয়া প্রতিবেশী মো. আবদুল আজিজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, জমি নিয়ে বিরোধের জের ধরে করা মামলা তুলে না নিলে আবদুল আজিজ অ্যাসিড নিক্ষেপ ও জীবননাশের হুমকি দেন। আনোয়ার ও সানোয়ার আবদুল আজিজের ছেলে। মুরাদ আনোয়ারের শ্যালক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে সোনিয়ার শরীরে ৬ শতাংশ পুড়ে গেছে বলে চিহ্নিত করা হয়েছিল। তবে হাসপাতালের কাগজে পোড়া ২ শতাংশ বলে উল্লেখ আছে। এ বিষয়ে বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, রোগীর শরীরের কত অংশ পুড়ে গেছে, পুনর্মূল্যায়ন করে এটি লেখা হয়েছে। রোগী এখন ভালো আছেন। তাঁর জীবনের কোনো ঝুঁকি নেই। ছোট একটি অস্ত্রোপচার দরকার হতেও পারে, না-ও হতে পারে।
হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, বার্ন ইউনিটে অ্যাসিডে দগ্ধ রোগী আসার সংখ্যা কমে এসেছে। প্রায় তিন মাস পরে এ রকম রোগী এসেছে বলে জানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. রাজীব মিয়া বলেন, ‘অ্যাসিড হামলার এ ঘটনায় চারজন আসামিকে এজাহারভুক্ত করে মামলা হয়েছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে সুষ্ঠু বিচার পাবে কি না, এ নিয়ে আশঙ্কায় আছে সোনিয়ার পরিবার। তাঁরা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছেন। এমনকি বিবাদীপক্ষ বারবার মামলা তুলে নিতেও হুমকি দিচ্ছে বলে জানান সোনিয়া। এ বিষয়ে নারীনেত্রী সালমা খান প্রথম আলোকে বলেন, ‘দিনে দিনে মানুষের মূল্যবোধ কমে যাচ্ছে, হিংস্রতা বাড়ছে। তা ছাড়া অপরাধীরা জানে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে তাদের শাস্তি হবে না। ফলে শুধু অ্যাসিড নয়, সর্বক্ষেত্রে অপরাধপ্রবণতা বাড়ছে।’ এ জন্য অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।