সোয়া কিলোমিটারের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার ভেল্লাপাড়া–মোহাম্মদনগর অহিদুর রহমান সড়কে বড় বড় গর্ত। এসব গর্তে জমে থাকে বৃষ্টির পানি। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। ছবিটি গত ২৯ আগস্ট তোলা l প্রথম আলো
পটিয়ার ভেল্লাপাড়া–মোহাম্মদনগর অহিদুর রহমান সড়কে বড় বড় গর্ত। এসব গর্তে জমে থাকে বৃষ্টির পানি। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। ছবিটি গত ২৯ আগস্ট তোলা l প্রথম আলো

পিচঢালাই উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট–বড় গর্ত। সেসব গর্তে বেশির ভাগ সময়ে জমে থাকে বৃষ্টির পানি। ফলে সড়কে চলাচল করা যানবাহনের চালকেরা গর্ত দেখতে পান না। পানিতে নোংরা হয় শিক্ষার্থী ও পথচারীদের পোশাক। পাশাপাশি ভাঙা রাস্তা দিয়ে হেলেদুলে গাড়ি চলায় নষ্ট হচ্ছে যাত্রীদের মূল্যবান সময়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে যুক্ত পটিয়া উপজেলার ভেল্লাপাড়ায় অহিদুর রহমান সড়কের এই হাল হয়েছে।
উপজেলার পশ্চিম থানা মহিরা এলাকার স্থানীয় চায়ের দোকানদার আকতার হোসেন বলেন, ‘এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের কষ্টের সীমা থাকে না। বর্ষায় সড়ক দিয়ে গাড়ি চলাচলের সময় রাস্তার গর্তে জমে থাকা পানি ছিটকে পড়ে পথচারীদের পোশাক নোংরা হয়ে যায়। পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, অহিদুর রহমান সড়কের ভেল্লাপাড়া থেকে মোহাম্মদনগর পর্যন্ত সোয়া কিলোমিটার অংশ খুবই বেহাল। সড়কের এ অংশ ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন বছর আগে সোয়া কিলোমিটার কাঁচা সড়কটিতে কার্পেটিং করা হয়েছিল। কিন্তু সাধারণ যানবাহন চলাচলের উপযোগী এ সড়ক দিয়ে কোলাগাঁও ইউনিয়নের কয়েকটি শিল্পকারখানার ১২ থেকে ২৪ চাকার ভারী যানবাহন চলাচল করে। এ কারণে সড়কটি কার্পেটিং করার ছয় মাসের মধ্যে ভেঙে যায়। বর্তমানে সড়কটি এতই বেহাল হয়েছে যে, হেঁটে চলাচল করারও অবস্থা নেই।
এলাকার লোকজন জানান, এ সড়ক দিয়ে উপজেলার জিরি, কুসুমপুরা, কোলাগাঁও, শিকলবাহাসহ বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ কোলাগাঁও শিল্প এলাকা, চট্টগ্রাম শহর ও পটিয়া সদরে যাতায়াত করে থাকে।
পটিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ভেল্লাপাড়া থেকে মোহাম্মদনগর পর্যন্ত সোয়া কিলোমিটারের কাঁচা সড়কটি গত ২০১২-১৩ অর্থবছরে এলজিইডি কর্তৃপক্ষ ৭৩ লাখ টাকা ব্যয়ে কার্পেটিং করেছিল।
পটিয়া এলজিইডির সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, অহিদুর রহমান সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচলের ধারণক্ষমতা রয়েছে ১০ টন। কিন্তু বর্তমানে ওই সড়ক দিয়ে ৩০ থেকে ৪০ টন ওজনের গাড়ি চলাচল করছে। এ কারণে সড়কটি দ্রুত ভেঙে যাচ্ছে। নতুনভাবে সড়কটি সংস্কারের পর যদি আবারও ৩০ থেকে ৪০ টনের ওই গাড়ি চলাচল করে, তাহলে আবারও কয়েক মাসের মধ্যে সড়কের একই পরিণতি হবে।
পটিয়া উপজেলা সহকারী প্রকৌশলী শংকর নন্দী জানান, অহিদুর রহমান সড়কের সোয়া কিলোমিটার ভাঙা অংশ সংস্কারকাজের জন্য গত ৩১ জানুয়ারি দরপত্র কার্যাদেশ হয়েছে। এতে বরাদ্দ হয়েছে ৩৯ লাখ ৫২ হাজার টাকা।
গত ৩১ মার্চ সংস্কারের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু শান্তির হাট এলাকার সেতুসহ তিনটি সড়কের সেতু সংস্কারের কাজ চলায় অহিদুর রহমান সড়ক ওই তিনটি সড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে অহিদুর রহমান সড়কটির সংস্কারকাজ যথাসময়ে করা যায়নি। কোরবানির ঈদের আগে শান্তির হাট এলাকার সেতুটি খুলে দেওয়ার পর অহিদুর রহমান সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।