
সোয়াইন ফ্লু নিয়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এইচওয়ানএনওয়ান ভাইরাসের মাধ্যমে হওয়া এ রোগটিতে সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ দেখা দিলেও এ রোগে জটিলতার আশঙ্কা বেশি। তবে সতর্ক থাকলে সোয়াইন ফ্লু এবং তার জটিলতা থেকে বাঁচা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত।
লক্ষণ
এ রোগে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো খুব সাধারণ। আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশি, জ্বর, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, গলাব্যথার মতো সমস্যা দেখা দেয়। জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট বা এর চেয়ে কিছুটা বেশি হতে পারে। শ্বাসকষ্ট, র্যাশ, কাঁপুনি, বমি ভাব ও পাতলা পায়খানাও হতে পারে। সাধারণত এক-দুই সপ্তাহ পর্যন্ত এসব লক্ষণ স্থায়ী হয়। তবে শিশু, বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিসহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে লক্ষণগুলো বেশি সময় পর্যন্ত থাকে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সাধারণ ইনফ্লুয়েঞ্জা থেকে এ রোগকে আলাদা করা যায়।
কারা আছেন ঝুঁকিতে
শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মা, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং হৃৎপিণ্ড, ফুসফুস, লিভারের অসুখে আক্রান্ত ব্যক্তিরা রয়েছে ঝুঁকিতে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম (যেমন: ক্যানসার আক্রান্ত ব্যক্তি বা ক্যানসারের জন্য কেমোথেরাপি পাচ্ছেন, এমন রোগী) কিংবা যাদের ওজন বেশি, তাদেরও ঝুঁকি বেশি। যাঁরা আক্রান্ত রোগীর কাছাকাছি থাকেন কিংবা হাসপাতালে কাজ করেন, তাঁরাও রয়েছেন ঝুঁকিতে।
জটিলতা
এ রোগে আক্রান্ত ব্যক্তির নিউমোনিয়া হয়ে যেতে পারে। জীবাণুর সংক্রমণের কারণে হওয়া এ জীবননাশী জটিলতাটিকে এড়ানো যেতে পারে উপযুক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের মাধ্যমে।
চিকিৎসা
আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পানি ও তরল খাবার খেতে দিন। এ ছাড়া স্বাভাবিক খাবারও খেতে দিন রোগীকে। রোগী খেতে না পারলে চিকিৎসকের পরামর্শ নিন। এ রোগের জন্য দায়ী ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে, এমন দুটি অ্যান্টিভাইরাল ওষুধ (জানামিভির এবং ওসেল্টামিভির) রয়েছে। এ ছাড়া জ্বরের জন্য প্যারাসিটামল ও সর্দির সমস্যায় অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ দেওয়া হয়। রোগীর শ্বাসকষ্ট বেশি হলে অক্সিজেনও দিতে হতে পারে। আর নিউমোনিয়া হয়ে গেলে চিকিৎসকের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক দিতে হবে।
প্রতিরোধে করণীয়
হাঁচি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। মাস্ক ব্যবহার করতে পারেন। নিজের হাঁচি-কাশি হলেও মাস্ক ব্যবহার করুন। বাইরে থেকে ফিরে সাবান দিয়ে ভালোমতো হাত ধুতে হবে। মুখও ধুয়ে নেওয়া উচিত। পারলে গোসল করে নিন এবং পরা পোশাকটিও ধুয়ে নিন। হাত না ধুয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করা যাবে না। এ রোগ প্রতিরোধে টিকাও নিতে পারেন। শিশুদের স্পর্শ করার আগে অ্যান্টিসেপ্টিক দিয়ে হাত পরিষ্কার করে নিন। দৈনন্দিন ব্যবহার্য জিনিস, যা অনেকের সংস্পর্শে আসে (যেমন: ফোন, কম্পিউটারের কি-বোর্ড ইত্যাদি), এমন জিনিসগুলোকেও অ্যান্টিসেপ্টিক তরল দিয়ে মুছে নিতে পারেন। সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির পাত্রে খাবেন না, তাঁর পরা পোশাক পরবেন না। সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে চেষ্টা করুন।
লেখক: ডিন ও অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।