সৌদি আরব যেতে অনীহা কক্সবাজারের নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা ধরনের অপপ্রচারের কারণে গৃহকর্মী হিসেবে সৌদি আরব যেতে অনীহা প্রকাশ করছেন কক্সবাজারের নারীরা। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জেলার আটটি উপজেলা থেকে নিবন্ধন করেন ১১ হাজার ৯৫৬ জন। এর মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৪৯ জন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে অপপ্রচার চালানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে নিবন্ধনকারী নারীরা পরিবারের প্রয়োজনের কথা ভেবে সৌদি আরব যেতে রাজি হয়েছেন বলে জানান। কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার জোসনা আকতার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এসে নিবন্ধনপত্র জমা দেন। তিন বছর আগে স্বামী তাঁকে তালাক দিয়ে অন্যত্র চলে গেছেন। ঘরে অসুস্থ বাবা-মা আর স্কুলপড়ুয়া তিন ভাইবোন আছে। সংসার চালাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। তাই সরকারি খরচে তিনি গৃহকর্মী হিসেবে সৌদি আরব যেতে চান।
জোসনা আরও জানান, গ্রামের ঘরে ঘরে বেকার ও শিক্ষিত নারীরা সৌদি আরব যেতে আগ্রহী। কিন্তু নানা অপপ্রচারের কারণে অনেকে নিবন্ধন করতে সাহস পাচ্ছেন না। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের ছেনুয়ারা বেগমও সৌদি আরব যেতে নিবন্ধন করেছেন। তাঁর স্বামী মারা গেছেন চার বছর আগে। এখন তিনি ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাচ্ছেন। ছেনুয়ারা জানান, বেশি আয়ের জন্য তিনি গৃহকর্মী হিসেবে সৌদি আরব যেতে রাজি হয়েছেন।
পরিবারকে বুঝিয়ে রাজি করিয়েছেন মহেশখালীর হোয়ানক গ্রামের তরুণী সলিমা আকতার। তিনি বলেন, ‘সৌদি আরব পাঠাতে পরিবারের সদস্যরা রাজি ছিলেন না। পরে বুঝিয়ে তাঁদের রাজি করিয়েছি। এখন নিবন্ধনপত্র জমা দিয়েছি। যখন ডাক পড়বে সৌদি আরব চলে যাব।’
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রমিয়ন কান্তি দাশ বলেন, ‘সরকারি সিদ্ধান্তে সৌদি আরব পাঠানোর জন্য আমরা জেলার নারী–পুরুষের নিবন্ধন করছি। পুরুষের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৪৫ এবং নারীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। গত ১০ দিনে জেলার ১১ হাজার ৯৫৬ জন নিবন্ধন করলেও নারীর সংখ্যা খুব খম।’