সৌরভ ছড়ানো বান্দরবানের সবুজ চা

সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদিত (অর্গানিক) বান্দরবানের চায়ের স্বাদ অতুলনীয়। এই চা কেউ একবার পান করলে দ্বিতীয়বার পান করতে চাইবেন। অদূর ভবিষ্যতে এখানকার ‘গোল্ডেন গ্রিন টি’ হবে বান্দরবানের পরিচিতি পণ্য।
বান্দরবানের ক্ষুদ্রায়তন চা বাগান মালিক সমিতির সভাপতি মংক্যচিং চৌধুরী একরাশ উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন। শহরের মধ্যমপাড়া এলাকায় নিজের বাড়ির ছাদের ওপর নতুন এই চা প্যাকেটজাত করছিলেন তিনি। ছাদজুড়ে মন মাতানো চায়ের গন্ধ। এবারেই প্রথম বান্দরবানের চা–চাষিরা তাঁদের বাগানে সার ও কীটনাশক ব্যবহার ছাড়া উৎপাদিত চা প্রক্রিয়াজাত করেছেন। তিনি আরও বলেন, বর্তমানে বিনা মূল্যে এই চা ভোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে। চায়ের স্বাদের সঙ্গে মানুষজনকে পরিচিত করানো হচ্ছে।
মংক্যচিং চৌধুরী বলেন, বান্দরবানে বর্তমানে প্রায় ৩০০ একর জমিতে ৪৬টি ক্ষুদ্রায়তন ব্যক্তি মালিকানাধীন বাগানে চা উৎপাদিত হচ্ছে। বাংলাদেশ চা বোর্ড বাগান–মালিকদের ঋণ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। ২০০৮ সাল থেকে কমবেশি উৎপাদন শুরু হলেও বান্দরবানে প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকায় রাঙামাটি ও রাঙ্গুনিয়ার বিভিন্ন চা–বাগানের কাছে চা–পাতা বিক্রি করে দেওয়া হতো। তবে এবারে প্রথমবারের মতো কাপ্তাইয়ের ওয়াগ্গায় অবস্থিত একটি কারখানা থেকে ১০০ কেজি চা প্রক্রিয়াজাত করেছেন বান্দরবানের বাগান–মালিকেরা। পরীক্ষামূলক এ উৎপাদনে বাজারে সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে ব্র্যান্ডিং, প্যাকেজিং ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। এখন বিনা মূল্যে যে চা পান করানো হচ্ছে, সেই চা একদিন সারা দেশের মানুষ টাকা দিয়ে কিনে পান করবে।

চা বোর্ডের বান্দরবান কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্রায়তন চা চাষ প্রকল্পের আওতায় ২০০৬ সালে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে শতাধিক চাষি নিজের মালিকানাধীন জমিতে চা চাষের জন্য নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৬৩ জন নিবন্ধিত চাষিকে ১ কোটি ১৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রায় ১০ কোটি টাকার আরেকটি প্রকল্প জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সেটি শুরু হলে বান্দরবানের জন্য চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হবে।
বান্দরবান বাজারের ব্যবসায়ী মানস কুমার দাশ বলেন, নতুন উৎপাদিত চা স্বাদে ও গন্ধে অত্যন্ত ভালো। এ জন্য স্থানীয় চায়ের দোকানের মালিকেরা সবাই কিনতে আগ্রহী। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বাইরে তো দূরের কথা, জেলা শহরের বাজারেও এই চা পাওয়া যাচ্ছে না।
চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব শিকদার বলেন, তাঁরা পরীক্ষামূলকভাবে এবারে চা প্রক্রিয়াজাত করেছেন। নিজস্ব কোনো কারখানা না থাকায় রাঙামাটির ওয়াগ্গাছড়ার একটি কোম্পানির কারখানা থেকে প্রক্রিয়াজাত করতে হয়েছে। বাজারজাত করার জন্য নয়, চায়ের মান ও চাহিদা নিরূপণের জন্যই মূলত এ উদ্যোগ।