সেয়ানে সেয়ানে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি। ৬ নভেম্বর অনুষ্ঠেয় এই মহারণ সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টি উভয়েই নিজ নিজ দুর্গ সামলাতে তৎপর। শুধু দুর্গ সামলানো নয়; অবশ্য পাল্টা আক্রমণ, কাদা ছোড়াছুড়ি দুনিয়াজোড়া আগ্রহ সৃষ্টিকারী এই নির্বাচনের চিরন্তন বৈশিষ্ট্য।বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা যে ডেমোক্র্যাট প্রার্থী হয়ে লড়বেন, তা আগে থেকেই নির্ধারিত। এদিকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা না হলেও দলের প্রতিনিধিদের সমর্থন পেয়ে এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। যে আনুষ্ঠানিক জনমত যাচাই প্রক্রিয়ার নাম কিনা প্রাইমারি ও ককাস। জনসমর্থনের পাল্লা ভারী করতে উভয় প্রার্থীর মধ্যে এখন চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী প্রচারণার লড়াই। ভোটাররাও মন দিয়ে লক্ষ করছেন অর্থনীতি, স্বাস্থ্যসেবা, পররাষ্ট্রনীতি ও গর্ভপাত বা সমকামী বিয়ের মতো সামাজিক ইস্যুতে দুই প্রার্থীর বক্তব্য। জনমত জরিপ বলছে, কেউ কারও চেয়ে কম নন।প্রার্থীর আর্থিক সামর্থ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক। ধনকুবের মিট রমনি আর্থিকভাবে বারাক ওবামার চেয়ে এমনিতেই অনেক সবল, তার ওপর তহবিল জোগাড়ে দক্ষতার পরিচয় দিয়ে এখন বেশ সুদৃঢ় অবস্থানে রয়েছেন। গত জুনে রমনি সাত কোটি ৩০ লাখ ডলার জোগাড় করেছেন। একই মাসে ওবামার তহবিলে পড়েছে ছয় কোটি ৬০ লাখ ডলার। তবে ওবামা তহবিল জোগাড়ে পিছিয়ে থাকলে কী হবে, প্রচারণার ব্যয়ে রমনিকে তিনি টেক্কা দিয়েছেন। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ক্ষমতাসীন ওবামার মূল কৌশল এখন পর্যন্ত যা দৃশ্যমান, তা হচ্ছে রমনিকে একজন অস্বচ্ছ রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা। রমনির ব্যক্তিগত ও পেশাগত জীবনের দুর্বল দিকগুলো খুঁজে খুঁজে আঘাত করার চেষ্টা চালাচ্ছে ওবামাশিবির।রমনির কৌশল ভিন্ন। প্রতিশ্রুতি দিয়েও ডেমোক্র্যাট সরকার এখনো যেসব কথা রাখতে পারেনি, সেদিকে নজর দিয়েছেন তাঁর কৌশলবিদেরা। একই সঙ্গে দেশের ইহুদি ভোটারদের দলে ভেড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তাঁরা। এ পর্যন্ত চালানো বেশির ভাগ জনমত জরিপের ফলাফলে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সে ক্ষেত্রে নিরপেক্ষ ও ইহুদি ভোটাররা ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।২০০৮ সালের নির্বাচনের আগে ওবামাকে যে কারণে অস্বস্তিকর এক পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে, রিপাবলিকানদের সেই কৌশলই এবার বুমেরাং হিসেবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন তিনি। গত নির্বাচনে ওবামাকে ঠেকাতে গিয়ে রিপাবলিক দাবি করেছিল, তিনি আসলে মুসলিম। তাঁর জন্মও হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে। তাদের এসব মিথ্যা ধোপে না টিকলেও পরিস্থিতি মোকাবিলায় ওবামা বেশ হিমশিম খেয়েছেন। এখন ওবামাশিবির প্রশ্ন তুলেছে রমনির ‘আসল পরিচয়’ নিয়ে। প্রশ্ন তোলা হয়েছে নিজের আর্থিক প্রতিষ্ঠান বেইন ক্যাপিটালে রমনির ভূমিকা নিয়ে। তাঁকে তুলনা করা হচ্ছে বহুল আলোচিত (এবং অনেক ক্ষেত্রেই বিতর্কিত) সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে। বলা হচ্ছে, রমনি তাঁর মতোই নিজেকে রাখঢাকের মধ্যে রাখছেন। বিরোধী দলের ওপর আড়ি পাতার ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারির জেরে পদত্যাগে বাধ্য হওয়া প্রেসিডেন্টের নামই রিচার্ড নিক্সন। টিভি বিজ্ঞাপনে ওবামার প্রচারণা সহযোগীরা প্রশ্ন রাখছেন, ‘রমনি আসলে লুকাচ্ছেন কী?’ওবামাশিবিরের আক্রমণের আরেকটি মূল লক্ষ্য রমনির অঢেল সম্পদ। অর্থনৈতিক দুর্গতির এই সময়ে ধনীরা বেশির ভাগ মার্কিনের চক্ষুশূলে পরিণত। এই ব্যক্তিগত সম্পদ নিয়ে রমনির পক্ষ উচ্চবাচ্য করতে অনিচ্ছুক। কিন্তু ওবামার পক্ষ চাইছে এর নাড়িভুঁড়ি টেনে বের করতে। কৌশল অবলম্বনে কিছুটা অদূরদর্শিতা দেখিয়ে ওবামার পক্ষকে তির চালানোর সুযোগ অবশ্য রমনিই দিয়েছেন। গড়পড়তা প্রেসিডেন্ট পদপ্রার্থীরা যেখানে আয়কর-সংক্রান্ত কাগজপত্র দেশবাসীর কাছে খোলামেলাভাবে তুলে ধরেন, সে ক্ষেত্রে রমনি প্রথমে এ ব্যাপারে রাজি হননি। প্রার্থিতা বাছাইয়ে দলের প্রাইমারি চলাকালে প্রতিদ্বন্দ্বীদের চাপের মুখে শেষ পর্যায়ে তিনি আয়কর রিটার্নের কাগজপত্র প্রকাশ করেন। সেই সব কাগজপত্রে আভাস পাওয়া যায়, রমনি ও তাঁর স্ত্রী অ্যান কোটি কোটি ডলার বিদেশি ব্যাংকে রেখেছেন। এতে অনেকের মনে সন্দেহ দেখা দেয় যে রমনি হয়তো কখনো আয়কর ফাঁকি দিয়েছেন। তা না হলে এত রাখঢাক কেন? ওবামাশিবির এখন সেই প্রসঙ্গ তুলে রমনিকে পর্যুদস্ত করতে তৎপর। তারা নিজস্ব প্রতিষ্ঠান বেইন ক্যাপিটালে কাজ করার সময় রমনির কর্মকাণ্ডবিষয়ক নাড়িনক্ষত্র প্রকাশ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ভোটারদের কাছে তারা প্রমাণ করতে চাইছে যে রমনি ওই সময় তাঁর প্রতিষ্ঠানে দেশের মানুষের চাকরি খেয়ে বিদেশে চাকরির সুযোগ বাড়িয়েছেন।এ ব্যাপারে জরিপকারী প্রতিষ্ঠান ইপসোসের কর্মকর্তা জুলিয়া ক্লার্ক বলেন, তিন-চতুর্থাংশ নিবন্ধিত ভোটার রমনির বিরুদ্ধে এসব অভিযোগ কম-বেশি শুনেছেন বলে জানিয়েছেন। এ ক্ষেত্রে ওবামাশিবির সাফল্যের পরিচয় দিয়েছে বলে মনে করেন জুলিয়া।এদিকে রমনির সহযোগীরাও বসে নেই। তাঁরা এখন ইহুদি ভোটারদের সমর্থন আদায়ে জোরালো চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ২ শতাংশ ইহুদি। সে অনুযায়ী ইহুদি নাগরিক রয়েছে ৫৫ থেকে ৬৫ লাখ। ২০০৮ সালে ওবামা ৭৮ শতাংশ ইহুদি ভোটারের ভোট পেয়েছিলেন। হোয়াইট হাউসে যাওয়ার ক্ষেত্রে ইহুদি ভোটাররা যে কতটা গুরুত্বপূর্ণ, তা এতেই বোঝা যায়। ইহুদি নাগরিকদের ভোট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি অঙ্গরাজ্য হচ্ছে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও নিউজার্সি। এসব অঙ্গরাজ্যে প্রচারণা চালাতে ইহুদি প্রতিনিধি নিয়োগ করেছেন রমনি। এ ছাড়া প্রথম বিদেশ সফরে ইসরায়েলে গিয়ে ইরানকে তুলাধুনা করেছেন রমনি।ইহুদি মার্কিনদের মধ্যে প্রচারণা চালাতে গিয়ে রমনির পক্ষ থেকে বলা হচ্ছে, ফিলিস্তিনে বসতি স্থাপনের ক্ষেত্রে ওবামা প্রশাসন কট্টরভাবে ইহুদিবিরোধী অবস্থানে রয়েছে।ওবামার সমর্থক শিক্ষা ও গবেষণাবিষয়ক ইহুদি পরিষদ ‘সুপার প্যাকের’ মুখপাত্র মাইক মুর স্বীকার করেছেন, ইহুদি নাগরিকদের লক্ষ্য করে রিপাবলিকানরা যে জোরালো প্রচারণা চালাচ্ছে, তা ফ্লোরিডায় প্রভাব ফেলতে পারে।এর বাইরে রমনির পক্ষ স্বাস্থ্যসেবা ও অভিবাসন নিয়ে ওবামার দুর্বল দিকগুলো তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের বেশ সংকট চলছে। এই খবর নিঃসন্দেহে রমনির নির্বাচনী প্রচারণার জন্য সহায়ক বিষয় হবে। রিপাবলিকানদের দুই চোখের বিষ ওবামার সর্বজনীন স্বাস্থ্যসেবানীতি। এই সুযোগে এই নীতিকেও ধোলাই করতে পারবে তারা। রমনির মরমন পরিচয় প্রচারণায় একটা উল্লেখযোগ্য বিষয়। মরমনরা খ্রিষ্টানদের একটি সংখ্যালঘু সম্প্রদায়। মার্কিন দেশে অনেক সময়ই তারা হাসির পাত্র। একই কারণে রমনির জন্য তা শাপে বরও হতে পারে। কারণ, অবহেলিত এই সম্প্রদায়ের মানুষের মধ্যে সর্বক্ষেত্রে ভালো করার একটা বাড়তি তাড়না কাজ করে।প্রচারণায় এর মধ্যে ওবামা ও রমনিশিবিরের ব্যয়ের শ্রাদ্ধ শুরু হয়েছে। এ ক্ষেত্রে ওবামা বেশ এগিয়ে। গত জুনে নির্বাচনী প্রচারণায় ওবামার পক্ষ থেকে পাঁচ কোটি ৮১ লাখ ডলার ব্যয় করা হয়। একই মাসে রমনির পক্ষ থেকে ব্যয় হয়েছে দুই কোটি ৭৫ লাখ ডলার। তা অবশ্য তাঁর মে মাসের ব্যয়ের (এক কোটি ৫৬ লাখ ডলার) প্রায় দ্বিগুণ। প্রচারণার ক্ষেত্রে ওবামা এখন মন দিয়েছেন বিজ্ঞাপনচিত্রের দিকে। বিশেষ করে টিভি বিজ্ঞাপন। এদিকে রমনির নজর তুলনামূলকভাবে কম। তিনি মূলত অবকাঠামোগত প্রচারণায় নজর দিয়েছেন বেশি। রয়টার্স, ইপসোসসহ জরিপকারী বিভিন্ন প্রতিষ্ঠান সম্প্রতি জনমত জরিপের যে ফল প্রকাশ করেছে, সেগুলোর সার্বিক বিচারে জনসমর্থনে রমনি এখন কিছুটা এগিয়ে। বিশ্লেষকেরা অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই-ই আশা করছেন। জরিপের ফল অনুযায়ী, ৫৫ শতাংশ ভোটার মনে করেন, কোনো প্রার্থীর কর দেওয়ার মতো বিষয় জাতীয় সংলাপের অংশ হতে পারে না। এটা স্রেফ সময়ের অপচয়। বাকি ৪৫ শতাংশ অবশ্য এটাকে নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে। নিরপেক্ষ ভোটারদের মধ্যে বড় একটা অংশ হোয়াইট হাউসের জন্য লড়ার ক্ষেত্রে রমনির কর-বিষয়ক তথ্য প্রকাশের বিষয়টিকে বড় করেই দেখছে। তাদের হার ৪৬ থেকে ৫৪ শতাংশের মধ্যে ওঠানামা করছে। বিশ্লেষকেরা বলছেন, ভোটের দিন ওবামা ও রমনির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলে এসব নিরপেক্ষ ভোটারের সমর্থন ফলাফল নির্ধারণে বিরাট ভূমিকা রাখবে।