সৈকত থেকে অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরানের সঙ্গে গাওয়া গানের ভিডিওটি অনলাইনে আ​েলাচিত। ছবি: সংগৃহীত
ইমরানের সঙ্গে গাওয়া গানের ভিডিওটি অনলাইনে আ​েলাচিত। ছবি: সংগৃহীত

‘জাহিদের সঙ্গে আমার দেখা হয় গত বছরের ডিসেম্বরে। অনেকটা কাকতালীয়ভাবে।’ এটুকু বলে থামেন ইমরান। সবে পড়াশোনা শেষ করেছেন এ তরুণ। ‘আনন্দনগর’ নামে নিজেদের একটা দল আছে। বন্ধুরা ঘুরতে ভালোবাসেন। হাতে টাকাপয়সা জমলেই ‘দে ছুট’ টাইপ জীবন। সেভাবেই ডিসেম্বরে গিয়েছিলেন কক্সবাজার। মধ্যদুপুরে বসেছিলেন সমুদ্রসৈকতের একটা বেঞ্চে। বাকিটুকু তাঁর মুখেই শোনা যাক, ‘বসে থেকে ইউকেলেলি বাজাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম মাথায় একটা ছোট্ট হাত। আমার অভ্যাস কেউ মাথায় হাত দিলে চোখ বন্ধ করে ফেলি। সেভাবে চোখ বন্ধ করেছিলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে তাকিয়ে দেখি ছোট্ট একটা ছেলে। কথাবার্তা বললাম। নাম জাহিদ। কাছেই ওদের বাড়ি। তারপর ওকে টাকা দিলাম ডাব আনতে। ডাব আনার পর খেলাম দুজনই। ও আমার ইউকেলেলি হাতে নিয়ে বললো, ‘‘ভাইয়া, একটু বাজাই।’’ আমি অনুমতি দেয়ায় বেশ কিছুক্ষণ বাজাল ও। গুনগুন করে গাইল। আমি ইউকেলেলি হাতে নিয়ে বললাম, দেখি তুই গান গা। আমি বাজাই। দু-তিনটা গান গাইল। সবার শেষে গাইল মধু খই খই। এদিকে আমার এক বন্ধু গানটা ভিডিও করল আমাকে না জানিয়েই। গান গেয়ে বিদায় নিল জাহিদ।’

রেডিও অনুষ্ঠানে হাজির হয়েছে এই খুদে শিল্পী, স্কুলের সহপাঠীদের কাছে এখন সে নায়ক বনে গেছে!
রেডিও অনুষ্ঠানে হাজির হয়েছে এই খুদে শিল্পী, স্কুলের সহপাঠীদের কাছে এখন সে নায়ক বনে গেছে!

এই ছিল ইমরান আর জাহিদের প্রথম দেখা হওয়ার ঘটনা। আসল ঘটনা তো তখনো ঘটেনি। ভিডিও করা মানেই তো আর জাহিদ হিট হয়ে যাওয়া না।
গত ফেব্রুয়ারিতে যে বন্ধুটি ভিডিও করেছিল সে-ই ফোন করে জানায় ইমরানকে। জানায়, তাঁর জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা চলে আসে ইমরানের ই-মেইলে। কিছু না ভেবেই সেটা তুলে দেন ফেসবুকে ও ইউটিউবে। বাকিটুকু জাহিদ আর ইমরানের ইতিহাস।
ইমরান বললেন, ‘ভিডিওটা অনলাইনে দেয়ার পরপরই আমি অবাক। দুই-তিন ঘণ্টায় এটা ব্যাপক সাড়া পড়ে যায়। অসংখ্য শেয়ার, লাইক, মন্তব্য আসতে থাকে। আমি নিজেও ভাবিনি মানুষ এতটা পছন্দ করবে।’

ইমরানের হাত ধরেই পরিচিতি পায় জাহিদ
ইমরানের হাত ধরেই পরিচিতি পায় জাহিদ

পরের সপ্তাহেই আবার ইমরান রওনা দেন কক্সবাজারে। এবারের উদ্দেশ্য জাহিদকে খুঁজে বের করা। কিন্তু সেটা খানিকটা কঠিনই। কারণ প্রথম দেখায় যোগাযোগের কোনো ঠিকানা বা মুঠোফোন ছিল না। তাই সমুদ্রসৈকতই ভরসা। সেখানে দেখা মেলেনি জাহিদের। অনেকটা হতাশ হয়ে বসেছিলেন যে হোটেলে উঠেছিলেন তার পাশে। হঠাৎ করেই পেছন থেকে জাপটে ধরে একটা ছেলে। ঘাড় ঘুরিয়ে দেখেন সেই জাহিদ। তারপর নতুন করে আবিষ্কার হয় সবকিছু।
জাহিদের বাড়ি যান ইমরান। মা ও ভাইবোনদের জন্য কিনে নিয়ে যান জামাকাপড়। একসময় ঢাকাও আসে জাহিদ। একটি পাঁচ তারকা হোটেলে বসে খাওয়াদাওয়া করেন দুজন। দুটি এফএম রেডিওতে শো করে। এখানেই শেষ নয়, জাহিদের কণ্ঠের কয়েকটা গানও রেকর্ড করে রাখেন ইমরান।
কথা প্রসঙ্গে বলে রাখেন, ‘জাহিদ অনেক দূর যেতে পারবে। ওর মধ্যে এই সম্ভাবনা আছে। ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। কক্সবাজার গেলে দেখা হয়।’
ইউটিউবে মদু খই খই গানের লিঙ্ক: https://goo.gl/PygIEf