সৈকত ভ্রমণে হেলিকপ্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার হেলিকপ্টারে চড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ভ্রমণে আসছেন পর্যটকেরা। ঢাকা-চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে কক্সবাজারে এসে হোটেলে নামার ব্যবস্থা করেছে সৈকতসংলগ্ন তারকা হোটেল ওশান প্যারাডাইস ।

১১ জানুয়ারি দুপুরে হেলিকপ্টারে চড়ে সপরিবারে প্রথম কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণে আসেন পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। সৈকত ঘুরে হেলিকপ্টারটি যখন তারকা হোটেল ওশান প্যারাডাইস ভবনের ছাদের হ্যালিপ্যাডে অবতরণ করে, তখন আশপাশের লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

হেলিকপ্টার থেকে নেমে ইকবাল হোসেন বলেন, ব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া হয় না। গত কয়েক মাসের টানা হরতাল-অবরোধ কর্মসূচিতে ইচ্ছে করলেও পরিবারের সদস্যরা সড়কপথে ভ্রমণে যেতে অনীহা প্রকাশ করেন। এখন হেলিকপ্টার নিয়ে যেকোনো পরিস্থিতিতে কক্সবাজার আসা-যাওয়া সম্ভব হচ্ছে। ওশান প্যারাডাইস কর্তৃপক্ষ হোটেলের ছাদে হেলিপ্যাড নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওশান প্যারাডাইস লিমিটেডর মহাব্যবস্থাপক খন্দকার সফিউল আলম বলেন, ‘বিদেশে বিভিন্ন হোটেলের ছাদে নিজস্ব হেলিপ্যাড রয়েছে। কক্সবাজারে সমুদ্রপাড়ের হোটেল ওশান প্যারাডাইজ-ই প্রথমবারের মতো বাংলাদেশে এ সেবা চালু করেছে। নানা কারণে দীর্ঘদিন এখানে হেলিকপ্টার অবতরণ করানো যায়নি। এখন আমরা সেবাটি চালু করতে পেরে আনন্দিত।’