সৈকত সড়কে হাঁটুপানি, পর্যটকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টিতেই কক্সবাজার সৈকত সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগ পোহান পর্যটকেরা l প্রথম অালো
সামান্য বৃষ্টিতেই কক্সবাজার সৈকত সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগ পোহান পর্যটকেরা l প্রথম অালো

কক্সবাজার সৈকত সড়কে সামান্য বৃষ্টিতে জমছে হাঁটুপানি। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটকেরা। এক মাস ধরে এই অবস্থা চললেও জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগই নেয়নি।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে পানি নিষ্কাশনের নালা নেই। সমুদ্রসৈকতে নামার প্রধান প্রবেশমুখ লাবণী পয়েন্টের হোটেল কল্লোল থেকে দক্ষিণ দিকে হোটেল মিডিয়া, অভিসার হয়ে সি-গাল পর্যন্ত প্রায় ৭০০ মিটার রাস্তায় হাঁটুপানি জমে আছে। পানির নিচে ডুবে থাকা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পর্যটকবাহী প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও রিকশা চলাচলের সময় গর্তে আটকে যাচ্ছে প্রায় সময়। অনেকে ময়লা পানির ওপর দিয়ে হেঁটে হোটেলে যাতায়াত করছেন। এ নিয়ে পর্যটকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
হোটেল মালিকেরা জানান, ঈদের পর অর্থাৎ গত ৩০ জুলাই থেকে টানা সাত দিন কক্সবাজারে অন্তত আড়াই লাখ পর্যটক ভ্রমণে আসেন। কিন্তু সড়কটিতে জলাবদ্ধতা লেগে থাকায় পর্যটকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক সোহেল সামাদ (৪৫) জানান, সপরিবারে সৈকত ভ্রমণে এসে তিনি তারকা হোটেল সি-গালে ওঠেন। কিন্তু হোটেলে যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা থাকায় পূর্বদিকে সড়ক ঘুরে হোটেল-মোটেল জোন হয়ে শহরে যাতায়াত করতে হচ্ছে।
হোটেল সি-গালের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমি সিদ্দিকী বলেন, শত কোটি টাকা বিনিয়োগ করে তারকা হোটেল নির্মাণ করেও পর্যটকের মন খুশি রাখা যাচ্ছে না, শুধু সড়কটির বেহাল দশার কারণে। সড়কে জলাবদ্ধতা লেগে থাকায় পর্যটকেরা এই সড়কের আশপাশের হোটেলে অতিথি হতে অনীহা প্রকাশ করছেন। এতে পর্যটন শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
হোটেল কল্লোলের মহাব্যবস্থাপক আশরাফ আহমদ বলেন, পানি চলাচলের নালা না থাকায় শুষ্ক মৌসুমেও এই সড়কের কয়েকটি স্থানে পানি জমে থাকে। সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হওয়ায় পর্যটকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
গত শুক্রবার সকালে এক পর্যটক দম্পতি রিকশা নিয়ে সড়কটি পার হওয়ার সময় বিজিবি রেস্ট হাউেসর সামনে গেলে গর্তে চাকা আটকে রিকশাটি উল্টে যায়। তখন ময়লা পানিতে ডুবে তাঁদের কাপড়চোপড় ভিজে যায়। নষ্ট হয় দুটি মুঠোফোন।
এ প্রসঙ্গে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, নালা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এখন নালা নির্মাণ করে সড়কের জলাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে।