সৈকতে আগাম তরমুজ বিক্রিও দেদার
কক্সবাজার শহরের কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে বড়ছড়া, হিমছড়ি, আদর্শগ্রাম, উয়াঝরনা, ইনানী হয়ে টেকনাফের দিকে গেলে নজরে পড়বে সড়কের পাশেই বিক্রি হচ্ছে নতুন ফল তরমুজ। বিক্রিও হচ্ছে দেদার। ভ্রমণে আসা পর্যটকেরা গাড়ি থামিয়ে এই তরমুজ কিনে খাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে বলে জানান চাষিরা।বড়ছড়া ও দরিয়ানগর এলাকার চাষি কেফায়েত উল্লাহ (৪৫) ও মনছুর আলম (৪৪) বলেন, ‘প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩২০ টাকায়। দেখতে লাল এবং স্বাদে মিষ্টি হওয়ায় লোকজন উৎসাহ নিয়ে তরমুজ কিনছেন।’ ওইদিন তাঁরা প্রায় ২৩ হাজার টাকার তরমুজ বিক্রি করেন বলে জানান।গত বুধবার সকালে মেরিন ড্রাইভ সড়ক এলাকায় দেখা গেছে, অন্তত ২০ থেকে ২৫টি স্থানে বিক্রি হচ্ছে পাশের সৈকতের জমিতে উৎপাদিত তরমুজ। এ ছাড়া সমুদ্রসৈকতের তীরবর্তী হিমছড়ি, বড়ছড়া, প্যাঁচারদিয়া, দরিয়ানগর এলাকায় চোখে পড়ে তরমুজের সমাহার। বড়ছড়া গ্রামের চাষি নাজিউর রহমান (৩৪) জানান, গত বছর তিনি দরিয়ানগর এলাকায় ৮০ শতক জমিতে তরমুজের চাষ করেছিলেন, এবার করেছেন ১০০ শতকে। ইতিমধ্যে তিনি ৩৪ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। অবশিষ্ট তরমুজ বিক্রি করে আরও ৮০ থেকে ৯০ হাজার টাকা পাওয়া যাবে ধারনা করছেন। শহরের লালদীঘির পাড়ের ফল বিক্রিতা নওশের মিয়া (৬২)জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০টি তরমুজ বিক্রি করছি। দাম বেশি হলেও নতুন ফল হিসেবে লোকজন তরমুজ কিনে খাচ্ছেন।কৃষি বিভাগ সূত্র জানায়, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলার সমুদ্র উপকূলে এবার প্রায় ৭০০ একর জমিতে আগাম তরমুজের চাষ হয়েছে। তবে আগেভাগে এই তরমুজ বাজারে আসায় দামও বেশি। জেলার চকরিয়া, রামু, পেকুয়া, টেকনাফসহ বিভিন্ন উপজেলার আরও ১০ হাজার একর জমিতে এখন নতুন করে তরমুজের চাষ হচ্ছে। আগামী মার্চ মাসে এসব খেতের তরমুজ বাজারে আসবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, লবণাক্ত আবহাওয়ায় উৎপাদিত বলে তরমুজ মিষ্টি হচ্ছে। প্রতিদিন ট্রাকে করে বিপুল পরিমাণ তরমুজ চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ দেওয়া হচ্ছে।