সৈকতে চড়ুইভাতির মেলা
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উত্তর পাশে পর্যটন করপোরেশনের বিশাল গলফ মাঠ। এই মাঠ প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পিকনিকে আসা কয়েক শ বাসে ঠাসা থাকছে। বাসের এক পাশে চলে রান্নাবান্না, খাবার পরিবেশ, অন্য পাশে জমজমাট নাচ-গান। এ যেন বিশাল গলফ মাঠজুড়ে চড়ুইভাতির মেলা। গত মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, শতাধিক পিকনিক দলের বাস অবস্থান করছে। মাঠের ইজারাদার তোফায়েল আহমদ জানান, আগের দিন সোমবার এই মাঠে তিন শতাধিক পিকনিকের গাড়ি ঠাঁই নিয়েছিল। সকালে কিছু বাস ফিরে গেলেও নতুন গাড়িতে আবার মাঠ ভর্তি হচ্ছে। মাঠ ব্যবহারের জন্য প্রতিটি গাড়িকে দিতে হচ্ছে ৬০০ টাকা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মাঠে ঢোকে সিলেটের মৌলভীবাজার থেকে আসা বণিক সমিতির ৬০ জনের একটি দল। একটু পর দলবেঁধে সবাই নেমে পড়েন পাশের সমুদ্রসৈকতে। দলের প্রধান সিরাজুল ইসলাম (৫৫) বলেন, ‘ভালোবাসা দিবসে ভালোবাসার রং ছড়াতে এখানে ছুটে এলাম। আমাদের দলের নারী-পুরুষ সবার জন্য এটা প্রথম সমুদ্র-দর্শন। তাঁরা গলফ মাঠে দুপুরের খাবার খেয়ে বিকেলে আবার সৈকতে যান সূর্যাস্ত দেখতে। তারপর শহরের বার্মিজ মার্কেট ঘুরেফিরে রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করেন।’ গলফ মাঠের একপাশে রান্নাবান্নায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আসা একটি সামাজিক সংগঠনের ১২ তরুণ-তরুণী। তাঁদের পাশে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি থেকে আসা একদল নারী-পুরুষ। এদিকে, পশ্চিমে ঝাউবাগানের ভেতরে গানের তালে তালে নাচ-গান করছিল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা আরেক দল। ঢাকার জিঞ্জিরা থেকে আসা কলেজছাত্র আবুল মনছুর (২৩) বলেন, ‘আমরা অনেক দূর থেকে এখানে পিকনিকে আসি। তাই আনন্দের জন্য একটু গানবাজনার দরকার হয়। কিন্তু পুলিশসদস্যরা মাইক বাজাতে নিষেধ করেন। এতে আনন্দ হারিয়ে যায়।’ পুলিশ সার্জন কানু বিশ্বাস জানান, প্রতিদিন দুই থেকে সর্বোচ্চ ৫০০ পিকনিকের গাড়ি এই শহরে ঢোকে। প্রতিটা গাড়িতে দুটি করে মাইক লাগানো থাকে। সব গাড়ি থেকে উচ্চ স্বরে মাইক বাজানো হলে শব্দদূষণের মাত্রা তীব্র আকার ধারণ করবে। এ কারণে নির্দিষ্ট কিছু এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবে পিকনিক দলের সদস্যরা ঘরোয়া পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে বাধা দেওয়া হয় না। কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘পিকনিকের গাড়ি নিয়ে যাঁরা কক্সবাজার ভ্রমণে আসেন, তাঁদের অধিকাংশই ওই গাড়িতে বসে অথবা সৈকতে ঘুরেফিরে রাত কাটিয়ে পরের দিন সকালে চলে যান। তারপরও ভ্রমণে আসা শিক্ষার্থীদের জন্য প্রতিটা হোটেলে কিছুটা ছাড়ে রাত কাটানোর ব্যবস্থা রাখা আছে। এ ক্ষেত্রে অগ্রিম বুকিং করে রাখা নিরাপদ।’