সৈকতে নতুন রিসোর্ট

সমুদ্রের কাছাকাছি তো থাকা হয়ই, একেবারে সমুদ্রের ওপরে থাকার অনুভূতিটাই যদি পাওয়া যায়! তার কিছুটা স্বাদ পাবেন কক্সবাজারে কলাতলীতে হোটেল সায়মন বিচ রিসোর্টে। ১৫ জানুয়ারি হয়ে গেল এর উদ্বোধন।
শীতাতপনিয়ন্ত্রিত ১০ তলা এই রিসোর্টে রয়েছে ২২৮টি কক্ষ। অর্ধেকের বেশি কক্ষ থেকে সমুদ্র দেখা যায়। আরও আছে সম্মেলন কক্ষ, রেস্তোরাঁ, সুইমিংপুলসহ নানা আয়োজন।
১৫ জানুয়ারি এর উদ্বোধনী অনুষ্ঠানে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তৃতীয় তলায় তৈরি সুইমিংপুলে নামলে মনে হবে সাগরেই গোসল করছেন। সুইমিংপুল ইনচার্জ সাব্বির হোসেন জানান, শিশু-কিশোরদের জন্য আলাদা বেবিপুল আছে। রয়েছে জ্যাকুজি, স্পা ও পুল ক্যাফে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব খোলা থাকে।
এখানে কক্ষ ভাড়া ৭ হাজার ৬০০ থেকে সর্বোচ্চ ৪৩ হাজার ৫২০ টাকা পর্যন্ত।