সৈকতে ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের কুয়াশা সরিয়ে পুব আকাশের পাহাড়চূড়ায় যে সূর্যটা আজ হাসবে, সে হাসির রং একটু অন্য রকম হতেই পারে। হাসতে হাসতে বঙ্গোপসাগরে ডুব দেবে যে সূর্য, সেই হাসিতে থাকবে কি একটু বিষণ্নতা! থাকতেই পারে। পাহাড় আর সাগরের মিলন মোহনা সৈকতে দাঁড়িয়ে যাঁরা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখবেন তাঁদের হাসিতেও থাকবে নতুন গান নতুন প্রাণ। সেই গান ভালোবাসার।পৃথিবীর দীর্ঘতম সৈকতে নিত্য নতুন ভালোবাসার চিত্রনাট্য। একটু অন্য রকম ভালোবাসা, অন্য রকম জীবনের ছোঁয়া পেতে বছরের প্রতিটি দিনে সৈকতে সরব উপস্থিতি থাকে ভালোবাসার মানুষদের। কিন্তু ভালোবাসা দিবসে সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত কক্সবাজার সৈকতে বসে তরুণ-তরুণীদের মেলা, জমে ভালোবাসার মেলা। এবারও জোড়ায় জোড়ায় ভালোবাসার মানুষগুলো ছুটে আসছেন পর্যটনশহরে। সৈকতে একে অপরের হাত ধরে, বালুচরে কাছাকাছি কোথাও দাঁড়িয়ে কিংবা ঝাউবাগানের অন্দরে অন্তরঙ্গ মুহূর্তে কত কথাই না বলা হবে আজ! লাবণী পয়েন্টে দাঁড়িয়ে ১২ ফেব্রুয়ারি সকালে কথা হয় ঢাকার একটি কলেজের শিক্ষার্থী আসমা আকতারের সঙ্গে। সঙ্গে হবু বর নাফিজ আহমদ। তিনি থাকেন দুবাই। আনুষ্ঠানিকতা শেষ, ১৪ মার্চ ঢাকায় হবে দুজনের বিয়ে। ভালোবাসা দিবসকে সামনে রেখে দুজন ছুটে এসেছেন কক্সবাজার। সৈকতে হাতে হাত ধরে দুজন হেঁটে চলেছেন বালুচরে। ‘আসমার সঙ্গে পরিচয় সপ্তাহখানেক আগে। তাঁর পছন্দ-অপছন্দ কিছুই জানা হয়নি। শহরের যান্ত্রিক জীবন ফেলে প্রকৃতির একটুু ছোঁয়া পেতে এখানে আসা। গত দুদিন ভালোই কেটেছে। আগামী রোববারটা (আজ) আরও ভালো কাটবে। কারণ দিনটা ভালোবাসার।’ বললেন তরুণ ব্যবসায়ী নাফিজ আহমদ। সাগরের কোমরপানিতে নেমে সামনের ঢেউ গুনছিলেন শিউলি। পাশে পরানের বন্ধু সোহেল। মুহূর্তে বিশাল এক ঢেউ দুজনকে ভিজিয়ে দেয়। উথাল-পাতাল ঢেউ দুজনকে আরও কাছাকাছি এনে দেয়। সামনে আরেকটি ঢেউ...। ভালোবাসার ঢেউ উঠেছে দুজনের মনেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা বললেন, ‘সাগরের বিশালতার মতোই বিশাল সাগরপারের মানুষের মনও। তাই বড় মনের প্রাণের মানুষটির সঙ্গে সময় কাটাতে সৈকত শহরে ছুটে এলাম। রোববার (আজ) সকালে তাকে লাল টুকটুকে গোলাপ উপহার দেব।’ ২০০৭ সালের ভালোবাসা দিবসে প্রথমবার সাদেককে নিয়ে সৈকতে এসেছিলাম। ওই দিন একটি হোটেলে সেরা দম্পতি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমাদের অবস্থান ছিল ১৭তম। তাতে খুব মজা পেয়েছিলাম। এবারও একই উদ্দেশ্যে আসা। কিন্তু এবার এ ধরনের আয়োজন হচ্ছে না, তাই মন খারাপ।’ বললেন ঢাকা থেকে আসা গৃহবধূ রেশমি আকতার। সিলেটের হরিপুর থেকে আসা জুবলি নামের এক তরুণী সৈকতের ভেজা বালুতে বসে আঙুল দিয়ে লিখছেন, ‘আমায় ভোলো না। চিরদিন পাশে রেখো।’ জীবনসঙ্গী মোহাম্মদ আমজাদ এটা ক্যামরাবন্দী করছেন। এবার জুবলির আবদার—‘এবার তুমি লিখ, আমি ছবি তুলব।’ আমজাদ লিখতে শুরু করেন, ‘আমি মরে গেলে তুমি আর কাউকে বিয়ে করবে না। এই হোক তোমার অঙ্গীকার। তুমি মরে গেলে আমিও কাউকে বিয়ে করব না, এটাই আমার ভালোবাসার শপথ।’সৈকতের ঝিনুক মার্কেটে তরুণ-তরুণীদের ভিড় থাকে সবসময়। সবার হাতে শামুক-ঝিনুক। কারিগর দিয়ে বিশেষ কায়দায় শামুকের গায়ে লিখে নিচ্ছেন ‘বিশ্ব ভালোবাসা দিবসের উপহার’, ‘আমায় মনে রেখ’, ‘ভুল না আমায়’, ‘তুমি কত সুন্দর’, ‘আবার কবে হবে দেখা’ ইত্যাদি। ‘লাল আভা ছড়িয়ে সাগরের পানিতে হারিয়ে যাবে যে সূর্য শত চেষ্টায়ও তার দেখা আর মিলবে না। তাই সকালের ভালোবাসায় যে আনন্দ, বিকেলের ভালোবাসায় বিষণ্নতা। তবুও ভালোবাসার সুরে ঘরছাড়া মানুষগুলো কূল হারায় সাগরের জলে।