সৈকতে মৃত কচ্ছপ ও জেলি ফিশ, নাক চেপে হাঁটছেন পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের ​সাবরাং খুরের মুখ এলাকার সৈকতে পড়ে আছে মৃত কচ্ছপ l প্রথম আলো
টেকনাফের ​সাবরাং খুরের মুখ এলাকার সৈকতে পড়ে আছে মৃত কচ্ছপ l প্রথম আলো

জোয়ারের পানিতে কয়েক দিন ধরে ভেসে আসছে অসংখ্যক মৃত জেলি ফিশ। এ ছাড়া সৈকতের বিভিন্ন স্থানে পড়ে আছে কচ্ছপের মৃতদেহ। এ কারণে দূষিত হয়ে উঠছে বাতাস। দুর্গন্ধে নাক চেপে হাঁটছেন পর্যটকসহ দর্শনার্থীরা।
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতের এ অবস্থা বিরাজ করছে এখন। সৈকতের এমন দূষিত পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীরা।
গত ২৯ ফেব্রুয়ারি ঢেউয়ের সঙ্গে মৃত জেশি ফিশ ও কচ্ছপ ভেসে আসতে থাকে। ৩ মার্চ দুপুরে সৈকতের কয়েকটি পয়েন্টের গিয়ে এই দৃশ্য দেখা গেছে। মহেষখালিয়াপাড়া, খুরের মুখ ও হাদুরছড়া এলাকার সৈকতে কচ্ছপের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। মুন্ডার ডেইল এলাকার সৈকতে মৃত কচ্ছপ টানাটানি করছিল কুকুর। ওসব এলাকায় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে উঠেছে জেশি ফিশ।
রাজশাহী থেকে বেড়াতে আসা পর্যটক শফিকুর রহমান ও কুমিল্লার আহমদ নিয়াজ বলেন, মৃত জেলি ফিশ ও কচ্ছপের দুর্গন্ধে নাক চেপে হাঁটাচলা করতে হচ্ছে। এগুলো পুঁতে ফেলার কোনো ব্যবস্থা না থাকায় সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে। বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে গেল।
স্থানীয় জেলে ও মৎস্য বিভাগের দাবি, সাগরে দেশি-বিদেশি মাছ ধরার ট্রলারে কচ্ছপ ও জেলি ফিশ আটকা পড়লে জেলেরা তা পিটিয়ে মারেন। পরে এগুলো পানিতে ভেসে উপকূলে চলে আসে। মৃত কচ্ছপ ও জেলি ফিশ পচে সৈকতের আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, হঠাৎ করে এক সপ্তাহ ধরে দ্বীপের সৈকতের বিভিন্ন পয়েন্টে মরা জেলি ফিশ ভেসে এলেও এগুলো পুঁতে ফেলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় লোকজন এসব সহজে ধরতে চায় না। কারণ, এগুলোর স্পর্শ করলে গায়ে চুলকানি হয়।
টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান নুরুল আলম ও সাবরাং ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান জানান, কয়েক দিন ধরে হঠাৎ করে সৈকতে জেলি ফিশ ভেসে আসছে।
শাহপরীর দ্বীপের জেলে আনোয়ার হোসেন জানান, ২৭ ফেব্রুয়ারি দুপুরে সৈকতে টানা জাল ফেলা হয়। এরপর বিকেলে সেটি টেনে ওঠানোর পর মাছের সঙ্গে ২৫ থেকে ৩৫টি মতো জেলি ফিশ জালে আটকা পড়ে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য জোন হিসেবে পরিচিত এ উপকূলের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারের নাজিরাটেক পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতের মধ্যে সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ থেকে শামলাপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার এলাকায় পাঁচ হাজারের বেশি ট্রলার ও ছোট-বড় নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা হয়। অধিকাংশ জেলি ফিশ ও কচ্ছপ জেলেদের মাছ ধরার জালে আটকে ও ট্রলারের আঘাতে মারা পড়ছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন।
বাহারছড়ার জাহাজপুরার জেলে উসমান গণি ও সাবরাং হাদুরছড়ার সব্বির আহমদ বলেন, কচ্ছপ জালে আটকা পড়লে জাল ছিড়ে ফেলে। তাই সেগুলো মেরে ফেলা হয়। কিন্তু জেলি ফিশ তুলতুলে নরম। এগুলো স্পর্শ করলে বিষক্রিয়ায় চুলকানি হয়।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. হুমায়ুন মোরশেদ বলেন, মৃত জেলি ফিশ ভেসে আসার খবর তিনি পেয়েছেন। বিভিন্ন ধরনের জালে আটকা পড়লেও এগুলো যাতে মারা না হয়, এ নিয়ে জেলেদের উদ্বুদ্ধ করতে এলাকায় একাধিকবার মাইকিং করা হয়েছে। তিনি আরও বলেন, সারা দেশে ১৮৬টি ট্রলিং ট্রলার রয়েছে। জালে আটকা পড়ে বিভিন্ন জলজ প্রাণী মারা গেলেও জেলেরা সচেতন হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম বলেন, ভেসে আসা জেশি ফিশ ও যত্রতত্র পড়ে থাকা কচ্ছপগুলো পুঁতে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে।