সৈকতে মোমবাতি জ্বালিয়ে মানব পাচারের প্রতিবাদ
সমুদ্র সৈকতে মোমবাতি জ্বালিয়ে বিদেশে মানব পাচারের প্রতিবাদে এবং পাচারের সময় নিহত ব্যক্তিদের স্মরণ করেছেন কক্সবাজারবাসী। সৈকতের লাবণী পয়েন্টে গত শুক্রবার এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী এই কর্মসূচির উদ্বোধন করেন। স্থল ও সমুদ্রপথে মানব পাচারের নানা তথ্য তুলে ধরে বক্তৃতা দেন পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, প্রবীণ নারী নেত্রী খুরশিদ আরা হক, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলেনাজ তাহেরা, প্রকৌশলী কানন পাল, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুব্রত পাল, পাচারের শিকার হয়ে মৃত্যুবরণকারী রামু উপজেলার অধিবাসী রিজোয়ানের মা আমেনা খাতুন প্রমুখ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১১ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এবং সারভাইবার ভয়েজ-অনির্বাণের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, দালালের খপ্পরে পড়ে এখানকার অনেকে পাচার হয়ে যাচ্ছেন। অনেকে সমুদ্রপথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছে। যেকোনো মূল্যে এসব অপতর্যাপরতা ঠেকাতে হবে। ইপসার প্রোগ্রাম ম্যানাজার মো. সিরাজুদ্দীন বেলাল জানান, নারী-শিশু পাচারের অন্যতম স্থান কক্সবাজার থেকে সকল ধরনের মানব পাচার প্রতিরোধ এবং মানবাধিকার সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।