সৈকতে রাখাইনদের বর্ষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত বর্ষা উত্সবে যোগ দেন রাখাইন নারী-পুরুষেরা
কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত বর্ষা উত্সবে যোগ দেন রাখাইন নারী-পুরুষেরা

কক্সবাজার সমুদ্রসৈকতে বৃষ্টিতে ভিজে আনন্দে মেতে উঠলেন একদল রাখাইন তরুণ-তরুণী। দিনভর চলল আড্ডা, গান, নাচ ও খাওয়া-দাওয়া। উপলক্ষটা ছিল ‘বর্ষা উৎসব’। ৪ জুলাই এই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন টেকনাফ, চকরিয়া, হারবাং, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, মহেশখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা রাখাইন তরুণ-তরুণীরা। রাখাইনদের এই মনমাতানো আনন্দ আয়োজন উপভোগ করেন সৈকতে উপস্থিত পর্যটকেরাও।
৪ জুলাই শুক্রবার দুপুর থেকে শহরের টেকপাড়া রাখাইন পল্লি থেকে তরুণ-তরুণীরা সৈকতে জড়ো হতে থাকেন। সঙ্গে করে নিয়ে আসেন বাড়িতে রান্না করা রকমারি খাবার-দাবার। সৈকতের ঝাউবাগানে করা হয় খানাপিনার আয়োজন। খাওয়া-দাওয়ার পর্ব শেষে শুরু হয় বৃষ্টিতে ভেজার পর্ব। পাশাপাশি উদ্দাম, উচ্ছল নাচ-গানে মেতে ওঠেন তাঁরা। বৃষ্টি যাঁদের মন ভেজাতে পারেনি তাঁরা নেমেছিলেন সাগরেও। উত্তাল ঢেউয়ের সঙ্গে যেন আনন্দে ভেসে যাওয়ার পালা।
রাখাইন তরুণ ক্য মং বলেন, রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে ‘সাংগ্রাং পোয়ে’ বা ‘জলকেলি উৎসব’। পুুরোনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে বরণ করে নিতেই মূলত এই উৎসব। কিন্তু ‘বর্ষা উৎসব’ কেবলই অনাবিল আনন্দের উৎসব। বৃষ্টি যত বাড়ে আনন্দের মাত্রাও তত বেশি হয়। আর উৎসবটা যেহেতু তারুণ্য নির্ভর, তাই উচ্ছ্বাসও চোখে পড়ে বেশি।
বর্ষা উৎসবে যোগ দিতে ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেক রাখাইন তরুণ-তরুণী। সবাই মিলে বৃষ্টিতে ভিজে আনন্দ করার মজাটা আলাদা তাঁদের কাছে। আট বছর আগে এই উৎসব উদ্যাপন যখন শুরু হয়, তখন অল্প কয়েকজন তরুণ-তরুণী যোগ দিয়েছিলেন। আর এ বছর এ সংখ্যা হাজার ছাড়িয়েছে। দিন দিনই বাড়ছে এই উৎসবের জনপ্রিয়তা।
উৎসবে যোগ দেওয়া একজন তরুণী বলেন, ‘এই উৎসব কেবল কক্সবাজার সৈকতেই হয়। বৃষ্টিতে ভিজে সৈকতে সবাই মিলে নাচ-গানে মেতে উঠতে ভীষণ ভালো লাগে। তরুণদের কাছে এই দিনটির তাৎপর্যই আলাদা। অনেকে সারা বছর দিনটির জন্য অপেক্ষা করেন।’