সৈকতে রাখাইনদের বর্ষা উৎসব
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুচরে শুক্রবার মহাধুমধামে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের বর্ষাকালীন বাৎসরিক অনুষ্ঠান ‘বর্ষা উৎসব’। বিশাল সৈকতের ঝাউবাগানে দল বেঁধে তরুণ-তরুণীরা অন্যরকম আনন্দে মেতে ওঠেন। তরুণ-তরুণীদের কেউ নাচছেন, কেউ গাইছেন। নাচ-গান, হৈ-হুল্লোড়সহ নানা আয়োজনে পাল্টে যায় সৈকতসংলগ্ন ঝাউবাগানের সবুজ চেহারা। অনেকে ব্যস্ত খাবার-দাবার নিয়ে। শিশু-কিশোর থেকে শুরু করে আবালবৃদ্ধবণিতার কেউ বাদ যায়নি উৎসবের আনন্দ থেকে। গত দুই মাস ধরে সপ্তাহের প্রতি শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্টে রাখাইনরা বর্ষা উৎসব করে আসছে। ৮ জুলাই সন্ধ্যায় উৎসব শেষ হয়। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিন অং জানান, এক সময় শহরের রাখাইন তরুণ-তরুণীরা বর্ষার বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ-উল্লাস করতে নানা রকমের খাবার নিয়ে চলে যেতো ১৫ কিলোমিটার দূরে হিমছড়ির অরণ্যে। সেখানে সারাদিন আনন্দে মেতে থাকতো আর বিকেলে সমুদ্রস্নান শেষে সন্ধ্যায় বাড়ি ফিরত। প্রায় শতাব্দীকাল ধরে রাখাইন নর-নারীরা এ উৎসব পালন করে আসছেন। সমুদ্র সৈকত ও প্রকৃতিকে আরও নিবিড়ভাবে কাছে পেতে গত কয়েক বছর ধরে সৈকতের ঝাউবাগানের ভেতর এই উৎসব পালিত হয়ে আসছে। গত শুক্রবার বিকেলে ঝাউবাগানে দেখা গেছে, বিপুলসংখ্যক রাখাইন তরুণ-তরুণী, বৃদ্ধ-যুব, এমনকি শিশুরাও দলে দলে উৎসবে মেতে ওঠে। গোল করে একাধিক দলে বিভক্ত হয়ে তরুণ-তরুণীরা নাচ-গানে মেতে ওঠেন। পরিবেশিত হচ্ছে ঘরে তৈরি রান্না ও পানীয়। কেউ কেউ আপনজনদের সান্নিধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়ছেন উত্তাল সাগরে। স্থানীয় বাঙালি ও ভ্রমণে আসা পর্যটকেরা বালুচরে দাঁড়িয়ে তাঁদের উৎসব উপভোগ করেন। কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীর বাসিন্দা আছিং রাখাইন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। উৎসবে যোগ দিতে তিনিও ঢাকা থেকে কক্সবাজার ছুটে আসেন। আছিং রাখাইন জানান, ‘উৎসবে এসে আত্মীয়-স্বজনের পাশাপাশি অনেক বন্ধু-বান্ধবের সঙ্গেও দেখা হচ্ছে। তা ছাড়া পরিবারের সবাইকে নিয়ে উৎসবটা ভালোই কাটছে।’ চৌফলদণ্ডী গ্রাম থেকে আসা রাখাইন তরুণী মাছেনখিং ও উমে রাখাইন জানান, ‘উৎসবটিকে আমরা বর্ষাকালীন পিকনিক হিসেবে ধরে নিচ্ছি। যেখানে এসে বন্ধুদের সঙ্গে প্রাণ ভরে মজা করা যায়। আর সমুদ্রস্নানের আনন্দ তো আছেই।’ রামু থেকে আসা ঝন্টু বড়ুয়া জানান, ‘রাখাইন বন্ধুদের আমন্ত্রণে প্রতিবছর এখানে ছুটে আসি। অন্যরকম উৎসবের আনন্দটা সবাই মিলে ভাগাভাগি করি।’ চকরিয়ার হারবাং থেকে আসা এছেনখিং ও মানেংখিং রাখাইন জানান, এটি রাখাইনদের আরেক সাংগ্রেং উৎসব। সাংগ্রাং উৎসবে তরুণ-তরুণীরা পরস্পরের প্রতি জল ছুড়ে মারে। আর এই উৎসবে বৃষ্টির সঙ্গে তরুণ-তরুণীর মিতালি। যেদিন বৃষ্টি বেশি হয় সেদিন আনন্দের মাত্রাটা বেড়ে যায়। কক্সবাজার শহরের রাখাইন তরুণী এ্যানি, নীলা, বুবু উৎসব রাঙালেন অন্যভাবে। তাঁরা সারাটা দুপুর ঝাউবাগানের ভেতর নাচ-গান করেন। বিকেলে সমুদ্র স্নান সেরে ফিরে যান ঘরে।