
মাথার ওপর নীল আকাশ। সামনে সমুদ্র। মাঝখানে সাতরং ছড়িয়ে আছে রংধনু। সমুদ্রের পানিতে মাছ ধরার ট্রলারের ছোটাছুটি। কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুমের রং-তুলিতে এভাবে ধরা পড়েছে সমুদ্রপাড়ের এই দৃশ্য। গত মঙ্গলবার সৈকতে পাতা চেয়ারে বসেই এই ছবি আঁকে সে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার সৈকতে শিশুদের অন্য রকম চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আয়াছ মাবুদ জানান, বিশ্ব পর্যটন দিবসকে অর্থবহ করে তোলার জন্য সাগরপাড়ের উন্মুক্ত জায়গায় আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ২৬০ জন প্রতিযোগী অংশ নেয়।
চিত্রাঙ্কন ছাড়াও নানা আয়োজনে পর্যটন নগরে উদ্যাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। মঙ্গলবার সকাল নয়টায় সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হোটেল ব্যবসায়ী ও মালিক সমিতি, কটেজ মালিক সমিতি, টুর অপারেটর অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, বিচবাইক মালিক সমিতিসহ নানা প্রতিষ্ঠানের কর্মীরা। এরপর লাবণী পয়েন্টের বালিয়াড়িতে দাঁড়িয়ে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
এরপর সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি, পিঠা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলে। বিকেলে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে পর্যটন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, টু্যরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আব্দুর রহমান প্রমুখ।
সন্ধ্যায় লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান করেন চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী সিরাজুল ইসলাম আজাদ, বুলবুল আক্তারসহ অনেকে।
দরিয়ানগর সৈকতে পরিচ্ছন্নতা অভিযান: কক্সবাজার শহরতলির দরিয়ানগর সমুদ্রসৈকত পরিষ্কার করলেন স্থানীয় বড়ছড়া যুবসমাজ কমিটির সদস্যরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংগঠনটি দুই দিনের কর্মসূচি পালন করে। ২৭ সেপ্টেম্বর বিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম। দরিয়ানগর সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াও সংগঠনটির সদস্যরা স্থানীয় লোকজনের কাছে পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরেন।
দরিয়ানগর বড়ছড়া যুবসমাজের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, সাংবাদিক আহমদ গিয়াস, সমাজসেবী ইমাম হোসেন, কাজী কামাল হোসেন, আবু ফরহাদ বোখারী প্রমুখ।