
অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা সৈকতে পৌঁছাই। ইংরেজিতে যাকে বলে ভার্জিন সি বিচ।
দিনটি ছিল গত ১২ সেপ্টেম্বর সকাল নয়টা। সকালের কচি রোদে সারা সৈকত ঝলমল করছিল। দূরে কালো বিন্দুর মতো দেখা যায় মাছ ধরার ট্রলার। পেছনে কেওড়া বন মৃদুমন্দ বাতাসে দুলে উঠে যেন আমাদের স্বাগত জানায়।
প্রকৃতির অপূর্ব সৃষ্টি এই মসৃণ সমুদ্রসৈকত। হাঁটার সময় পা একটুও মাটিতে দাবে না। শক্ত বালুর এই সৈকত চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ। একপ্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যেতে ঘণ্টা খানেক সময় লেগে যায়।
সেদিন সকালে ভাটা থাকায় তীর-ভেজানো ঢেউ ছিল না। ছিল মৃদুমন্দ হাওয়া। শেষভাদ্রের পানি ঘোলা। শীতের সময় পানি অনেক স্বচ্ছ হয়। রং হয় হালকা নীল।
সৈকতের ওপরের দিকে রয়েছে কাঁটাওয়ালা বেশ কিছু নাটাগাছ। কেওড়া বন আর সৈকতের মাঝে ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ। সেখানে ঢোলকলমির ঝাড়ে বেগুনি ফুলের সমারোহ। মাঠে গরু-মহিষের পাল। দূর সমুদ্র থেকে ভেসে আসা নির্মল বাতাস টেনে বুক ভরিয়ে দিলাম। সৈকতে পানির কাছাকাছি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সাগরের পানিতে ভেসে আসা গাছের গুঁড়ি, কাঠের টুকরা, কাচের বোতল, প্লাস্টিকের ক্যান, ফোম ইত্যাদি। এসব কুড়িয়ে নেওয়ার মতো কারও দীর্ঘদিন এখানে আগমন না ঘটার প্রমাণ দিচ্ছে এগুলো।
ধারে-কাছে কোথাও জনবসতি নেই। পূর্ব, পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগরের অতল জলরাশি। শুধু উত্তরে কয়েক কিলোমিটার জুড়ে ম্যানগ্রোভ বন। আশপাশের চর থেকে মাছ ধরতে আসা জেলেরা ছাড়া এই দ্বীপ ও সৈকতের কথা লোকজন তেমন একটা জানে না। কেওড়া বনের পদতলে জেগে ওঠা এই সমুদ্রসৈকতকে স্থানীয় লোকজন জানে তাড়ুয়া দ্বীপ হিসেবে।

আমাদের পথ চিনিয়ে নিয়ে আসা নৌকার মাঝি ফারুক জানান, শীতের সময় এই সৈকত হাজার হাজার অতিথি পাখির কাকলিতে মুখর থাকে। তা ছাড়া পানি কমে যাওয়ায় সৈকতের দৈর্ঘ্য-প্রস্থ তখন অনেক বেড়ে যায়। সমুদ্রের ভেতরে চর জেগে ওঠে আরও প্রায় এক কিলোমিটার।
এখান থেকে ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশন সদরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ৮০ কিলোমিটার দূরত্বে রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সৈকত। স্থানীয় জেলেরা ছাড়া নৌবাহিনীর কিছু টহল যান মাঝেমধ্যে এই দ্বীপের পাশ দিয়ে যাতায়াত করে। তারা এই দ্বীপকে জানে চর সত্যেন নামে।
বঙ্গোপসাগরের এই অংশে অসংখ্য ছোট-বড় দ্বীপসদৃশ চর জেগে উঠেছে। তবে কেবল ঢাল চরের একেবারে দক্ষিণের এই দ্বীপ ছাড়া আর কোনো দ্বীপে সৈকতের অস্তিত্বের কথা এখনো জানা যায়নি। স্থানীয় জেলেরা জানান, বছরের কোনো সময়ই এই দ্বীপ পানিতে তলায় না। তবে বন্যা, সামুদ্রিক জলোচ্ছ্বাস কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকের কথা আলাদা।
গত ফেব্রুয়ারি মাসে ভোলার কয়েকজন সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি পিকনিক করতে গিয়ে এই সৈকতের হদিস পান। তাঁরা এসে জানান, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের মতোই সুন্দর। এই সৈকতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কুয়াকাটার মতো এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অবলোকন করা যায়।
গত মে মাসে আমি একবার ভোলা যাই। তখন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এই সৈকতের কথা প্রথম জানতে পারি। তখন থেকেই সেখানে যাওয়ার কথা ভাবছিলাম। কিন্তু ভোলা শহরের লোকজন কেউ সেখানে যাওয়ার পথ ও পাথেয় বাতলাতে পারেনি। অবশ্য ওই এলাকা যে খুবই দুর্গম ও জলদস্যুকবলিত, সে খবর তারা দিয়েছিল।
ভোলার জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তাড়ুয়া সৈকতের কথা তিনি শুনেছেন, কিন্তু কখনো যাননি। তিনি বলেন, শুধু শীতকালেই ওই সব এলাকায় যাওয়া নিরাপদ। অন্য সময় সাগর উত্তাল থাকায় যাতায়াত হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। তা ছাড়া সমুদ্রপথে নৌ চলাচলের জন্য বে-ক্রসিং সনদ দরকার হয়। এখানে চলাচলকারী কোনো নৌযানেরই সেই সনদ নেই।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান বলেন, ভোলায় কোনো সমুদ্রসৈকতের কথা তাঁর জানা নেই। জেলা প্রশাসনও এ ব্যাপারে কখনো তাঁদের কিছু জানায়নি।
গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এমভি টিপু-৪ লঞ্চে উঠে পড়ি। সঙ্গে বন্ধু সাংবাদিক গোবিন্দ শীল। গন্তব্য চরফ্যাশন। সেখান থেকে মোটরসাইকেলে ৩০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছাই ভোলার সর্বদক্ষিণের নৌঘাট কচ্ছপিয়ায়। এখান থেকে ছোট লঞ্চ অথবা ইঞ্জিন নৌকায় করে বঙ্গোপসাগরের বিভিন্ন চর ও দ্বীপে যেতে হয়। চর কুকরিমুকরি, চর পাতিলা, ঢালচর, চর নিজাম ইত্যাদি দ্বীপে যাওয়ার এটাই একমাত্র ঘাট। আমরা ঢালচরগামী একটি ছোট লঞ্চে উঠে পড়ি। শুনেছি, ঢালচরের একেবারে দক্ষিণে সেই সৈকত জেগে উঠেছে। মেঘনা নদীর প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা তিনটার দিকে আমরা পৌঁছাই ঢালচর লঞ্চঘাটে।
ঢালচর লঞ্চঘাট ও বাজার দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত। এখানে এসে স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানতে পারি, দ্বীপের দক্ষিণ প্রান্তে যাওয়ার দুটি পথ রয়েছে। একটি বনের মধ্য দিয়ে হেঁটে, অন্যটি ইঞ্জিন নৌকায় করে। বর্ষাকাল ও পথ দুর্গম হওয়ায় আমরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিই।
দুপুরে খাওয়াদাওয়ার পর একটি জেলেনৌকা নিয়ে আমরা তাড়ুয়া যাওয়ারচেষ্টা চালাই। কিন্তু ব্যর্থ হই। কারণ, জেলেরা বুঝতে পারেননি, আমরা ঠিক কোথায় যেতে চাই। যখন তাঁরা জানতে পারলেন আমরা একেবারে দ্বীপের দক্ষিণ প্রান্তে যেতে চাই, তখন তাঁরা জানান, অত দূরে গিয়ে আবার ফিরে আসার মতো তেল তাঁদের নৌকায় নেই। কাজেই সেদিনের মতো যাত্রা বাতিল করতে হলো।
পরদিন সকালে ঘাটে কোনো নৌকা না পেয়ে আমরা হেঁটেই রওনা হই। যে করে হোক তাড়ুয়া যেতেই হবে। লোকজনকে জিজ্ঞেস করে পথের দিশা নিয়ে চলতে লাগলাম।
ঢালচরের উত্তর দিকে কিছু জনবসতি থাকলেও দক্ষিণটা একেবারেই বনজঙ্গলে ঢাকা। কিছুদূর অগ্রসর হওয়ার পর এক জায়গায় দেখলাম বেশ বড় একটি খাল। খালে মাছ ধরার অনেক ট্রলার। পাড়ে বেশ কিছু মাছের গদি। জেলেরা মেঘনায় মাছ ধরে সেখানে বিক্রি করেন।
সেখানে গদির লোকদের সহায়তায় একটা মাছ ধরার নৌকা পাওয়া গেল আমাদের তাড়ুয়া ঘুরিয়ে আনার জন্য। নৌকায় ফারুক মাঝি ছাড়া তাঁর আরও তিন সহকারীসহ আমরা মোট ছয়জন। ছোট খাল দিয়ে কিছুক্ষণ নৌকা চলার পর আমরা এসে বিশাল মেঘনায় পড়ি। ঘণ্টা খানেক চলার পর পৌঁছাই সেই সৈকতে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে চরফ্যাশন পর্যন্ত লঞ্চ চলাচল আছে। সেখান থেকে সড়কপথে কচ্ছপিয়া পর্যন্ত যাতায়াতও সহজ। কচ্ছপিয়া থেকে লঞ্চ বা ইঞ্জিন নৌকায় করে যেতে পারেন ঢালচর। সেখান থেকে নৌকায় তাড়ুয়া। আর সেই নৌকায় করেই পৌঁছে যাবেন এই সৈকতে। যাত্রার আগে তাই মাঝির সঙ্গে কথা বলে নিন।