সৈকতে শেরপা
সেদিন শুক্রবার বেলা ১১টা। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট। পুরো ৪৫ মিনিট ইচ্ছেমতো পানিতে দাপাদাপির পর সাগর থেকে উঠে এলেন মুসা ইব্রাহীম। সঙ্গে নেপালের তিন শেরপা কৈলাশ তামাং, সোম বাহাদুর, লাকপা নুরু ও ইয়াংওয়ান বিমানের পাইলট ক্যাপ্টেন রাশিদুল হাসান। কোরিয়ান বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ানের বিশেষ এক বিমানে মুসা ইব্রাহীমসহ শেরপারা সকাল নয়টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। সৈকতে এসেই মুসা ইব্রাহীম ঝাঁপ দেন সাগরে। সঙ্গে শেরপারাও। মুসা ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘সঙ্গী তিন শেরপাকে কথা দিয়েছিলাম, তাঁরা আমাকে এভারেস্ট চূড়ায় পৌঁছে দেবে আর আমি তাঁদের সাগর ছোঁয়াব। এভারেস্টের নেপালি নাম সাগরমাতা। এই শেরপারা পথ দেখিয়ে আমাকে এভারেস্টে পৌঁছিয়েছেন। আমিও কথামতো তাঁদের সাগর ছোঁয়াতে কক্সবাজারে নিয়ে এলাম। ওঁরা জীবনে কোনো দিন সাগর দেখেনি। আমাদের কাছে এভারেস্ট যেমন, তাঁদের কাছে সাগরও তেমন। সাগর দেখে, সাগরে নেমে গোসল করতে পেরে ওঁরা মহা খুশি।’শেরপাদের মুখের এ-কান ও-কান হাসি দেখে অবশ্য টের পাওয়া গেল, মুসা ভুল বলেননি। পাঁচবার এভারেস্টজয়ী কাঠমান্ডুর লাকপা নুরু শেরপা (৩৬) হেসে বললেন, ‘সত্যিই তো! জীবনে প্রথম সাগর দেখলাম। সেই সঙ্গে গোসলও। আমাদের দেশটা পাহাড় দিয়ে পরিপূর্ণ। বিভিন্ন দেশ নেপালকে ঘিরে রেখেছে। নেপালে দুধকষি, চুলকষি, তাবাকষি, কর্ণালি, কানিকানডকি নামে বেশ কয়েকটি নদী আছে। তাতে ঢেউ নেই। কক্সবাজারের এই বিশাল সাগর আর কোথাও দেখিনি। উত্তাল ঢেউয়ে যখন ডুব দিচ্ছিলাম, মুখ দিয়ে বেশ কয়েকবার পানি ঢুকে গেল পেটে। কঠিন লবণ। এই পানি খেলে মানুষ মারা যাবে না তো?’শেরপা কৈলাশ তামাং (২৪) বললেন, ‘বাংলাদেশে এত বড় একটি সৈকত আছে, জানতাম না। অথচ আমাদের দেশের একটি মন্দিরের সব তথ্যও ওয়েবসাইটে দেওয়া আছে।’শেরপা সোম বাহাদুর তামাং (৫৮) বলেন, ‘আপনাদের সৈকত দেখে মনটা ভরে গেল। এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে বিশাল সাগর। মাঝে সারিবদ্ধ কত হোটেল, মোটেল। মুসা না হলে এসব দেখাই হতো না।’ দুপুর ১২টায় মুসার সঙ্গে শেরপারা বালুচর দিয়ে উঠে আসছিলেন। প্রচণ্ড গরমে সাদা বালুচর তপ্ত হয়ে ওঠে। খালি পায়ে হাঁটতে গিয়ে শেরপাদের পায়েও যেন আগুন। শুরু হলো দৌড়। ‘ওরে বাবা! বালু এত গরম!’ শেষে আশ্রয় নিলেন সৈকতের পাশে ঝিনুক মার্কেটে। এরপর সৈকতকে পেছনে ফেলে মুসা ইব্রাহীম এবং তিন শেরপা নিয়ে লাবণী পয়েন্টে উঠে পড়েন গাড়িতে। গন্তব্য, কক্সবাজার বিমানবন্দর।