সৈকতের ভাস্কর্যে জীববৈচিত্র্য
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী চত্বরে বঙ্গোপসাগরের ‘আজবপ্রাণী’ হাঙর, তিমি ও ডলফিন দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছে। শহরের বাইপাস সড়ক দিয়ে সৈকতে নামার আগেই পর্যটকদের স্বাগত জানাচ্ছে এসব প্রাণী। গভীর সমুদ্রের প্রাণীগুলো যেন অবিকল ডাঙায় স্থির—এমন দৃশ্য দেখে অনেকে হতবাক। আসলে এটি হচ্ছে জীববৈচিত্র্য বা ‘জ’ ভাস্কর্য। সাগরের তলদেশের অহংকার হাঙর, তিমি, ডলফিনসহ সামুদ্রিকসম্পদ ও সৌন্দর্য দিয়ে ‘জ’ নামের দৃষ্টিনন্দন এ স্থাপত্যশিল্প (শার্ক স্কালপচার) সাজিয়েছেন বিজ্ঞানী রাগিব উদ্দিন আহমেদ।ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তায় দেশের নামকরা স্থাপত্যশিল্পীরা প্রায় আট মাসে নিপুণ কারুকার্যের মাধ্যমে এর কাজ শেষ করেছেন। ৫ আগস্ট বিকেলে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার, রাগিব উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।জেলা প্রশাসক জানান, পর্যটনশহর কক্সবাজারকে পরিকল্পিতভাবে সাজানোর কাজ চলছে। মহাপরিকল্পনার (মাস্টারপ্ল্যান) আওতায় সমুদ্রসৈকতসহ দৃষ্টিনন্দন, দর্শনীয় স্থানগুলো আকর্ষণীয় করে তোলা হচ্ছে—যাতে দেশি-বিদেশি পর্যটকেরা মুগ্ধ হন। জীববৈচিত্র্য ভাস্কর্য কক্সবাজারের সৌন্দর্য বাড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। রাগিব উদ্দিন আহমদ জানান, কক্সবাজার সমুদ্রকে আর্কষণীয় করতে আরও দুটি শিল্পের নকশা তিনি তৈরি করেছেন। সাগরের সবরকম জীববৈচিত্র্য নিয়ে হচ্ছে সাগরিকা এবং আলিফ লাম মিম মসজিদ ভাস্কর্য। এ দুটির নকশা জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে। সূত্র জানায়, বঙ্গোপসাগরে বিপন্ন চার প্রজাতির হাঙরের প্রকৃতি নিয়ে বিশাল ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। রাগিব উদ্দিন আহমেদের নেতৃত্বে অপর চার শিল্পী—ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, রূপান্তরের (ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার) পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ও সহকারী হুমায়ুন কবীর এ ভাস্কর্যটি তৈরি করেন। এতে খরচ হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা।