সৈকতের শামুক-ঝিনুক
কক্সবাজার সমুদ্রসৈকত ধরে হাঁটলে নজরে পড়ে নানারকমের রঙিন শামুক-ঝিনুক। জোয়ারের সময় শামুক-ঝিনুকগুলো উপকূলে ভেসে আসে। ভোরে ঘুম থেকে উঠে বালুচরে গিয়ে অনেকে শামুক-ঝিনুক সংগ্রহ করেন। তৈরি করেন গলার মালা, কানের দুল, ল্যাম্পশেডসহ নানা পণ্য। পর্যটকেরা এসব কিনে নেন। উৎসাহী পর্যটকেরা সকালে সৈকতে নেমে নরম বালুচরে পড়ে থাকা শামুক-ঝিনুক সংগ্রহ করেন। এটাও একরকম আনন্দ। বিপুলসংখ্যক পর্যটকের সমাগম কেন্দ্র করে সৈকতের লাবণী পয়েন্ট ও জেলে পার্ক ময়দানের চার শতাধিক দোকানে এখন শামুক-ঝিনুকপণ্যের রমরমা বাণিজ্য চলছে। ঢাকার মতিঝিল থেকে আসা কলেজছাত্রী নওশীন জাহানকে দেখা গেল একটি দোকানে গিয়ে ৩০০ টাকায় হলুদ রঙের বড় একটি শামুক কিনতে। তাতে আবার লিখে নেন পছন্দের কিছু কথা।পাঁচ থেকে ১০ টাকা দিলে শামুকের গায়ে যেকোনো উক্তি লিখে দেওয়ার লোক দোকানে মজুদ রয়েছে। সময় লাগে মাত্র পাঁচ থেকে ১০ মিনিট। অনেকে ঝিনুকমালা গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। কত রকম শামুক-ঝিনুকবঙ্গোপসাগরের তলদেশ থেকে জোয়ারের পানিতে ভেসে আসে কত রকমের শামুক-ঝিনুক। ২০ থেকে ২৫ বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেন, এখন মাত্র ৫০ থেকে ৫৫ রকমের শামুক-ঝিনুক পাওয়া যাচ্ছে। আগে সংখ্যাটা ছিল শতাধিক। পরিবেশদূষণ এবং আবাসস্থল নষ্ট হওয়ায় বহু প্রজাতির শামুক-ঝিনুক বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে পাওয়া যাচ্ছে—রাজমুকুট, বিচ্ছু, কড়ই, ফুলছিলন, বাঘকড়ি, মালপুরি, তিলককড়ি, দাতাছিলন, করতাল, ফুল প্রবাল, কালো প্রবাল, বড় শঙ্খ, ক্যাঙারু, ভোখা শঙ্খ, কাঁটা শামুক, শক শঙ্খ, উড়ন্ত বলাকা, আংটি শঙ্খ, ছাদক শঙ্খ, বুকছিরা কড়ই, লাল শামুক, জিঙ্গর শামুক ইত্যাদি।রঙেও বৈচিত্র্যসৈকত থেকে কুড়িয়ে আনা শামুক-ঝিনুক প্রথমে কস্টিক সোডা দিয়ে সেদ্ধ করে নিতে হয়। এরপর পরিমাণমতো ব্লিচিং পাউডার মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়। সেখান থেকে তুলে এক ধরণের অ্যাসিড দিয়ে ধুয়ে নেওয়া হয়। এতে ঝিনুক চকচকে হয়ে ওঠে। অনেকে রঙের পরিবর্তন করতে বালুতে মিশিয়ে তা আগুনে পুড়িয়ে নেন। কোথায় পাবেনকক্সবাজার শহরের সমুদ্রসৈকত, নাজিরারটেক, সমিতিপাড়া, কলাতলী, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, মনখালী, উখিয়া, ইনানী, সোনারপাড়া, মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা, কুতুবদিয়াসহ বিভিন্ন সমুদ্র-উপকূলীয় এলাকায় এই শামুক-ঝিনুক পাওয়া যায়। যুগ যুগ ধরে লাখো মানুষ এসব এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। দামদরমুক্তার মালা (ছোট-বড়) ১০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, কানের দুল, হাতের বালা, আংটি, হাতের চুড়ি ৫০ থেকে ৫৫০ টাকা, ঝাড়বাতি ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, ঝিনুকের ল্যাম্প ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা, ঝরনাবাতি ২০০ থেকে ৬০০ টাকা, শামুক দিয়ে তৈরি রাজমুকুট ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, শামুকের বালা ১০০ থেকে ২০০ টাকা, শামুকের ব্যাগ ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকা এবং প্রবাল পাথর ৮০০ থেকে তিন হাজার টাকা। এ ছাড়া কালো কড়ি শামুক ও শঙ্খ শামুক দিয়ে তৈরি ঘর, ফুল, ক্লিপ, মালা, লাল কাঁটা, কালো কাঁটা, ব্যাঙ কাঁটা, চামচ, জাল কাঁটা, শৈবাল, ঘরের দরজা ও জানালার নেট ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। গভীর রাত পর্যন্ত সমুদ্রসৈকতের শতাধিক দোকানে এসব পণ্যের বিক্রি চলে।