সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির ওরস কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহর (ক.) ১০৬তম বার্ষিক ওরস কাল সোমবার ফটিকছড়ির মাইজভান্ডার শরিফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শনিবার থেকেই দূর-দূরান্তের ভক্তরা আসা শুরু করেছেন। বর্ণিল সাজে সাজানো হয়েছে দরবার প্রাঙ্গণ। সোমবার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরস।জানা যায়, ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে আওলাদে মোন্তাজেম, ফটিকছড়ি উপজেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, ফটিকছড়ি থানা, হাইওয়ে পুলিশ, বিদ্যুৎ বিভাগ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে সমন্বয় সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লেয়াকত আলী প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে ভ্রাম্যমাণ পুলিশও দায়িত্ব পালন করবেন।আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটি সূত্র জানায়, আশেক-ভক্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, পরিবেশ সুরক্ষাসহ সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন মনজিলের প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবক পুলিশের পাশাপাশি আগতদের সহায়তা দেবেন। ওরস উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে জিকির-আসকার, আলোচনা সভা ও ছেমা মাহফিল।ওরসের গোড়ার কথা: মাইজভান্ডারি ওরসের ঐতিহ্য দীর্ঘদিন থেকে। এ তরিকার প্রবর্তক আহমদ উল্লাহ মাইজভান্ডারি। ১৯০৭ সাল থেকে ওরসের প্রবর্তন। প্রতিবছর আশেক-ভক্তরা তাঁর ওফাত দিবসে ১০ মাঘ (২৩ জানুয়ারি) মহাসমারোহে আয়োজন করে ওরসের। এ সময় সারা দেশের লাখো আশেক-ভক্তের পদচারণায় মুখর হয় ওঠে দরবার প্রাঙ্গণ। দরবারে আশেক-ভক্তের স্রোত: ওরস উপলক্ষে কয়েক দিন আগে থেকেই মাইজভান্ডার শরিফে ভক্তদের ঢল নামে। রেল কর্তৃপক্ষ ৯ থেকে ১১ মাঘ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। এ ছাড়া সড়কপথে বাস, ট্রাক, কার, মাইক্রোবাস, মিনিবাসে করে আসেন ভক্তরা। প্রতিবছর ওরসের দিন চট্টগ্রাম-খাগড়াছড়ি, নাজিরহাট-মাইজভান্ডার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।