সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর খোশরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখে যারে মাইজভান্ডারে হইতেছে নূরের খেলা, নূরের মওলা বসাইছে প্রেমের মেলা’—ভক্ত-শিল্পীদের মুখে এসব মাইজভান্ডারী গানে মুখরিত হয় দরবার প্রাঙ্গণ। জিকির-আসকার ও মোনাজাতের মধ্য দিয়ে ১৪ অক্টোবর শেষ হয়েছে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (ক.) মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর ১৫০তম বার্ষিক খোশরোজ শরিফ।ওরসে জাতি-ধর্ম-বর্ণ মিলেমিশে একাকার। মানুষে মানুষে সব ভেদাভেদ যেন মুছে গেছে। মরমি গানের শিল্পীরাও এসেছেন দূর-দূরান্ত থেকে। ভক্তদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ সাজানো হয় তিন কিলোমিটার এলাকাজুড়ে। ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন পর্যাপ্ত সহায়তা দিয়েছে। এ ছাড়া গাউসিয়া রহমান মঞ্জিল, সিটি করপোরেশন, স্বাস্থ্য প্রকৌশল ও পুলিশ একযোগে কাজ করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর প্রথম আলোকে বলেন, পুলিশের দল নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও র‌্যাব দায়িত্ব পালন করেন। তা ছাড়া মঞ্জিলের প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক পুলিশের সঙ্গে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।দরবার শরিফে আসা ভক্তদের আপ্যায়নে আঞ্জুমানে রহমানিয়া মঞ্জিল, গাউসিয়া-আহমদিয়া মঞ্জিল, শাহ এমদাদিয়া মঞ্জিল, গাউসিয়া হক মঞ্জিল, গাউসিয়া খালেক মঞ্জিল, মঈনীয়া মঞ্জিলসহ ছোট-বড় প্রত্যেকটি মঞ্জিলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। খাবারের আয়োজন করে প্রতিটি মঞ্জিল কর্তৃপক্ষ।নাটোর থেকে এসেছেন ভক্ত মো. রফিক উল্লাহ। তিনি বলেন, মাইজভান্ডার দরবার শরিফ ভক্তদের তীর্থভূমি। সকল ধর্মের মানুষের স্থান রয়েছে এখানে।রবিবার রাতে দরবার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে আসা শিল্পীরা মরমি গানের আসর জমিয়ে তুলেছেন। আনোয়ারা থেকে আসা শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ওরসের সময় প্রত্যেকে ভেদাভেদ ভুলে যান। সবার সঙ্গে মিলেমিশে গান গাওয়াতেই আত্মতৃপ্তি। ওরস উপলক্ষে দরবার প্রাঙ্গণে বসে বিশাল মেলা। সেখানে প্রচুর ছুরি, দা, বটি, খুন্তি এবং কাঠ, বাঁশ-বেত ও মাটির তৈজসপত্র বিক্রি হয়েছে।