ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে বি ভি কারান্থ অ্যাওয়ার্ড পেলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। এপ্রিল মাসের শেষ দিকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। মঞ্চনাটকে উল্লেখযোগ্য অবদানের জন্য ভারতের খ্যাতনামা নাট্য ও চিত্রপরিচালক প্রয়াত বাবুকড়ি ভেঙ্কটরমন কারান্থের (বি ভি কারান্থ) নামে প্রতিবছর ন্যাশনাল স্কুল অব ড্রামা ভারতীয় ও আন্তর্জাতিক স্নাতকদের জন্য এ পুরস্কার দেয়। তিনিই এবারের সময়ের তারকা।ছোটবেলায় যা হতে চেয়েছিলাম—: নভোচারী।মঞ্চের প্রতি যেভাবে জন্ম নিল ভালোবাসা—: ১৯৭২-৭৩ সালের কথা। টেলিভিশনে আল মনসুরের নাটক দেখতাম। সে সময়ই একবার ডিআইটির (এখন রাজউক) কাছে একটি মঞ্চে ঢাকা থিয়েটারের নাটক দেখলাম। অনুপ্রাণিত হলাম। ১৯৭৫-এর পর এনএসডিতে যাওয়ার পর অনুপ্রাণিত হয়েছি ইব্রাহিম আল কাজির কাছ থেকে। আমার প্রিয় নির্দেশক/নাট্যকার—: প্রিয় চলচ্চিত্রনির্মাতা ইঙ্গমার বার্গম্যান। আন্দ্রেই তারকোভস্কিকেও রাখছি সেই তালিকায়। নাট্যনির্দেশকদের মধ্যে বলব পিটার ব্রুক আর রবার্ট উইলসনের নাম। বাংলাদেশের মঞ্চনাটক নিয়ে যে স্বপ্ন দেখি—: স্বপ্ন কি না আমি জানি না। আমি আশা করি, একটা দিন বাংলাদেশের নাটক সেভাবে জনপ্রিয় হবে, যেভাবে সারা বিশ্বে শেকসপিয়ার, পিটার ব্রুক জনপ্রিয়। নাটকের প্রিয় সংলাপ—: নেই। মুখস্থ করি না। তবে জিজ্ঞেস করলে বলব সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ‘যেতে যেতে’। ‘তারপর যেতে যেতে যেতে...’ থেকে ‘আমি থেকেও নেই, না থেকেও আছি’—এই পর্যন্ত। যাদের জন্য পৃথিবীটা সুন্দর মনে হয়—: সেলেট গ্লাস। তাঁর ‘হোয়াই ডাজ সামওয়ান হ্যাভ টু ডাই’ কম্পোজিশনটা শুনে দেখুন, ভালো লাগবে। এটা শুনলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন ভালো লাগে ফরাসি দার্শনিক গাইল ডিলিউজকে।কেন মঞ্চে কাজ করি, টেলিভিশনে করি না—: আমাদের এখানে তো পেশাদারি থিয়েটার নেই। টেলিভিশনে নাটক মানে ব্যবসাসফল হওয়া, জনপ্রিয় হওয়া। এটা আমার কাজ নয়। ছাত্রদের সঙ্গে কাজ করা, কষ্ট করা, পরিশ্রম করা—এগুলোই আমার ভালোবাসা। মঞ্চ সরাসরি দর্শকদের সঙ্গে কাজ করে। তবে বলে রাখি, আমি টেলিভিশনে পরিচালক হিসেবে প্রশিক্ষিত। কাজেই জানি মাধ্যমটা। সাক্ষাত্কার: জা রে নূ